রাজধানীর অভিজাত ১৩ ক্লাবসহ সারাদেশে জুয়া খেলা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। তবে সর্বোচ্চ আদালতের আদেশে বলা হয়েছে আপিল নিষ্পত্তি না হাওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্লাবগুলোতে অভিযান চালাতে পারবে না।
বৃহস্পতিবার (৫ মার্চ) ক্লাবগুলোর এক আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে ক্লাবগুলোর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আমির উল ইসলাম ও ব্যারিস্টার সুমাইয়া আজিজ।
জুয়া খেলার পক্ষের মামলায় আইনজীবী ব্যারিস্টার আমীর-উল ইসলামকে সর্বোচ্চ আদালত বলেন, আপনি এ দেশের সংবিধান প্রণয়নের সঙ্গে জড়িত ছিলেন। অথচ আজকে আপনিই সংবিধানের বিপক্ষে দাঁড়িয়েছেন। এটা দুঃখজনক।
এর আগে, গত ১০ ফেব্রুয়ারি সারা দেশে টাকার বিনিময়ে জুয়া খেলা অবৈধ ঘোষণা করে আদেশ দেয় বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ।
সেদিন হাইকোর্ট এক রায়ে ঢাকা ক্লাবসহ ১৩টি অভিজাত ক্লাব ও সারা দেশে টাকা বা অন্যকিছুর বিনিময়ে তাস, ডাইস, হাউজি খেলাসহ সব ধরনের জুয়া নিষিদ্ধ ঘোষণা করেন।

