জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলোর তালিকায় সৌদি আরবের অবস্থান বিশ্বে দ্বিতীয়। তবে জ্বালানি পণ্যটির বৈশ্বিক রফতানিকারকদের তালিকায় দেশটি শীর্ষ অবস্থানে রয়েছে। সৌদি আরবে উত্তোলন হওয়া অপরিশোধিত জ্বালানি তেলের অন্যতম বড় বাজার এশিয়ার দেশগুলো।
সম্প্রতি এ অঞ্চলের দেশগুলোয় সৌদি আরব থেকে জ্বালানি পণ্যটির রফতানি কমেছে। বাজার পুনরুদ্ধারে এপ্রিলে এশিয়ার দেশগুলোর জন্য অপরিশোধিত জ্বালানি তেলের রফতানি মূল্য কমানোর কথা ভাবছে সৌদি জ্বালানি প্রতিষ্ঠানগুলো।
সৌদি আরবের জ্বালানি প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিলে এশিয়ার দেশগুলোর জন্য আরব লাইট ক্রুডের অফিশিয়াল সেলিং প্রাইস (ওএসপি) ব্যারেলপ্রতি ৪০-৭০ সেন্ট পর্যন্ত কমানো হতে পারে।
সৌদি আরবে লাইট ক্রুডের দাম অন্যান্য জ্বালানি পণ্যগুলোর তুলনায় কিছুটা বেশি। এমনকি কুয়েত ও ইরাক সৌদি আরবের তুলনায় কম দামে পণ্যটি রফতানি করে থাকে। এ কারণে এশিয়ার দেশগুলো সৌদি আরব থেকে জ্বালানি পণ্যটির আমদানি কমিয়ে দিয়েছে।
