আন্তর্জাতিক বাজারে দেড় মাস ধরে অপরিশোধিত জ্বালানি তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। তুলনামূলক বাড়তি দামে বিক্রি হচ্ছে পণ্যটি। এর ধারাবাহিকতায় গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের দাম আগের দিনের তুলনায় বাড়লেও সাপ্তাহিক দামের বিবেচনায় পণ্যটি ভালো একটি সপ্তাহ পার করতে পারেনি।
শুক্রবার শেষ হওয়া সপ্তাহে বিগত ছয় সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো পণ্যটির গড় দাম কমেছে। একই সঙ্গে পণ্যটির রফতানিকারকদের জোট অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের (ওপেক) বৈশ্বিক উত্তোলন হ্রাসসংক্রান্ত চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারার খবর বাজারে বাড়তি চাপ তৈরি করছে। ফলে আগামী দিনগুলোয় অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন বেড়ে দাম কাঙ্ক্ষিত হারে না বেড়ে উল্টো বর্তমানের তুলনায় কমে আসতে পারে বলে মনে করছেন খাতবিশ্লেষকরা।
গতকাল যুক্তরাষ্ট্রে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি আগের দিনের তুলনায় ৬৯ সেন্ট বেড়েছে। দিনশেষে নভেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয় ৫৫ ডলার ৮৩ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ২৪ শতাংশ বেশি। অন্যদিকে ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় ৩৭ সেন্ট বেড়েছে। এদিন আইসিইতে নভেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় ৬১ ডলার ৭৩ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৬০ শতাংশ বেশি। সিঙ্গাপুরভিত্তিক পিভিএম অয়েল অ্যাসোসিয়েটসের বিশ্লেষক টমাস ভারগা বলেন, অপরিশোধিত জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি সংশ্লিষ্টদের মনে আশার আলো দেখিয়েছে। তবে ছয় সপ্তাহ পর পণ্যটির গড় মূল্য কমার তথ্য মিলেছে। আগামী দিনগুলোয় ওপেকের চুক্তির বিষয়ে রাশিয়ার অবস্থান পণ্যটির বাজারে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে, যা বাজার পরিস্থিতি আমূল বদলে দিতে পারে।
অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক উত্তোলন হ্রাসে ওপেকের চুক্তির মেয়াদ আগামী মার্চে শেষ হবে। চুক্তিটির মেয়াদ আরেক দফা বাড়ানোর জন্য নভেম্বরের শেষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বৈঠকে বসছে ওপেকভুক্ত ও বহির্ভূত দেশগুলো। এ বৈঠকের আগে চুক্তিটির মেয়াদ বাড়ানোর বিষয়ে সমর্থন দেয় রাশিয়া। তবে দেশটির জ্বালানি প্রতিষ্ঠানগুলো চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী নয়। রুশ জ্বালানিমন্ত্রী আলেকজান্ডার নোভাকের সঙ্গে বৈঠকে রুশ জ্বালানি প্রতিষ্ঠানগুলোর প্রধানদের এ অবস্থান চুক্তিটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে সংশয় তৈরি করেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর চাপে ক্রেমলিন চুক্তিটির প্রতি সমর্থন তুলে নিলে পণ্যটির কাঙ্ক্ষিত মূল্যবৃদ্ধিতে ওপেকের এতদিনের প্রচেষ্টা ব্যর্থ হবে বলে মনে করছেন টমাস ভারগা।
এদিকে রাশিয়ার এ অবস্থানের বিপরীতে চুক্তির মেয়াদ বাড়াতে নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন সৌদি আরবের জ্বালানিমন্ত্রী খালিদ আল-ফালিহ। জার্মানির বন শহরে জ্বালানিবিষয়ক সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, ‘আগামী মার্চের মধ্যে ওপেকের চুক্তির শর্তপূরণ সম্ভব নয়। তার মানে হলো, আপাতত চুক্তিটির মেয়াদ আরো এক দফা বৃদ্ধির বিকল্প নেই। আমাদের এ লক্ষ্যেই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।’ তিনি আরো বলেন, অপরিশোধিত জ্বালানি তেলের দাম ধীরে ধীরে বাড়াতে হলে বৈশ্বিক উত্তোলন ক্রমাগতভাবে কমানো জরুরি। তা হলে পণ্যটির বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের সুযোগ থাকে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ানোর পথে আমরা (ওপেকের চুক্তির সঙ্গে সমৃক্ত দেশগুলো) অনেক দূর এগিয়ে গিয়েছি। বর্তমান পরিস্থিতিতে চুক্তি মেনে চলা প্রভাবশালী কোনো দেশ বিরোধিতা না করলে আসন্ন বৈঠকে (৩০ নভেম্বর) নতুন মাইলফলক স্থাপন করা সম্ভব হবে।
আরও পড়ুন; জ্বালানি তেলের বাজারে তেজিভাব
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের তেজিভাব
জ্বালানি তেলের ঘাটতি দেখা দিতে পারে ২০১৮ সালে
