ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিদেশ ফেরত চার ব্যক্তিকে স্ব স্ব পরিবারের নির্ধারিত কক্ষে কোয়ারেন্টাইনে রেখেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে সৌদি প্রবাসী দু’জন, চীন প্রবাসী একজন ও নেদারল্যান্ড প্রবাসী অপর একজন।
রাজাপুর উপজেলা করোনা ভাইরাস সম্পর্কিত কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও আবুল খায়ের রাসেল জানান, বিদেশ ফেরত এসব ব্যক্তিরা জ্বর, কাশি, সর্দি, বুকে ব্যথা অনুভব করেন। এসব লক্ষণ দেখে তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। নিয়মিত তাদের স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে। তবে স্বাস্থ্য পরীক্ষায় এখন পর্যন্ত তাদের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। সবাইকেই নিজ বাড়িতে রেখে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হোম কোয়ারেন্টোইনে রাখা এ চার ব্যক্তির মধ্যে সৌদি আরব থেকে ৪ মার্চ দুই জন, সিঙ্গাপুর থেকে ৭ মার্চ একজন এবং নেদারল্যান্ডস থেকে ৬ মার্চ অপরজন দেশের বাড়ি ঝালকাঠির রাজাপুরে আসেন। তারা সবাই ১৪ দিনের পর্যবেক্ষণে থাকবেন। তবে তাদের নাম পরিচয় গোপন রেখেছে স্বাস্থ্য বিভাগ।
রাজাপুর উপজেলা করোনা ভাইরাস সম্পর্কিত কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার বলেন, বিদেশ ফেরত মানুষদের আমাদের কর্মীদের মাধ্যমে খোঁজ খবর নেয়া হচ্ছে। এ পর্যন্ত চারজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অন্য কারও সাথে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে।

