করোনাভাইরাসে বিধ্বস্ত লাতিন আমেরিকার দেশ ব্রাজিল । দেশটিতে টানা চারদিন ধরে প্রতিদিনই ৫০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
শনিবার নতুন করে দেশটিতে আরও ৫১ হাজার ১৪৭ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়।
ফলে দেশটিতে বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৯৬ হাজারের বেশি। গত কয়েকদিনে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিনই ৫০ হাজার পার করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এক সপ্তাহেই দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লাখ ২১ হাজার ৬২৩।
মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে ১ হাজার ২১১ জন। ফলে ব্রাজিলে এখন পর্যন্ত মারা গেছে মোট ৮৬ হাজার ৪৪৯ জন।
ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৯৬ হাজার ৪৩৪। এর মধ্যে মারা গেছে ৮৬ হাজার ৪৯৬ জন।

