ঊরুর চোট পুরোপুরি সেরে না ওঠায় তামিম দেশে ফিরে আসছেন । সিরিজের শেষ ওয়ানডের সঙ্গে খেলতে পারবেন না টি-টোয়েন্টিও। আর তার পরিবর্তে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন মুমিনুল হক।
প্রধান নির্বাচক ও সিরিজে ম্যানেজারের দায়িত্ব পালন করা মিনহাজুল আবেদীন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন। ম্যানেজার মিনহাজুল আবেদীন জানান, ‘‘ওয়ানডে দলের সঙ্গে মুমিনুল হক রয়েছে। সে দলের সঙ্গেই থাকবে। টি-টোয়েন্টি সিরিজে তামিমের জায়গায় সে দলে ঢুকবে।’
মুমিনুল সর্বশেষ বাংলাদেশ টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছিলেন ২০১৪ সালের আগস্টে, ওয়েস্ট ইন্ডিজ সফরে। জাতীয় দলের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। তিন বছর পর টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নিলেও ম্যাচ খেলার সুযোগ তাঁর আদৌ হয় কি না, সেটিই দেখার।
মুমিনুলেরটা তবুও বলা গেল, শফিউল ইসলাম কতদিন পর টি–টোয়েন্টি দলে সুযোগ পেলেন সেটি বলা কঠিন। ২৮ বছর বয়সী এই পেসার সর্বশেষ আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলেছেন ২০১৩ সালে মে মাসে, জিম্বাবুয়ের বিপক্ষে। আর লিটন দাস বাংলাদেশ টি–টোয়েন্টি দলে সুযোগ পেলেন প্রায় দুই বছর পর। সফরের দুই টি-টোয়েন্টির প্রথমটি হবে ২৬ অক্টোবর ব্লুমফন্টেইনে। পরেরটি ২৯ অক্টোবর পচেফস্ট্রুমে।
বাংলাদেশটি-টোয়েন্টিদল
সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিনুল হক, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, লিটন দাস, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন।
