টেস্ট ক্রিকেটকে বলা হয় ক্রিকেটের আভিজাত্য ফরমেট। একজন খেলোয়াড়ের মানসিকতা, টেকনিক, ধৈর্য্য, ভালই কিছু করার স্পৃহা – সবকিছুই ফুটে ওঠে এই টেস্ট ক্রিকেটের মধ্য দিয়ে। সেই টেস্ট ক্রিকেটে আগ্রহ হারিয়েছে বর্তমান প্রজন্ম। টি-টোয়েন্টি ক্রিকেটের মারমার কাটাকাট আক্রমণাত্মক ক্রিকেটে রঙ হারাচ্ছে সাদা পোশাকের ব্যাট বলের লড়াই।
সেই টেস্ট ক্রিকেটকে আরও জনপ্রিয় করতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নামে একটি টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সেই প্রতিযোগিতায় খেলোয়াড়দের জার্সিতে থাকতে পারে নাম ও নম্বর।
মূলত টেস্ট ক্রিকেট হয় সাদা পোশাকে। লাল বল ও সাদা পোশাকের এই মিলনে জার্সিতে নাম ও নম্বর থাকে না। তবে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ক্রিকেটারদের নাম এবং জার্সি নম্বর পরে মাঠে নামার অনুমতি দিল আইসিসি।
তবে তার আগেই অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের এই জার্সিতে দেখা যাবে। সংবাদ সংস্থা আইএএনএস’কে আইসিসি জেনারেল ম্যানেজার ক্লেয়ার ফারলং বলেছেন, ‘১ আগস্ট থেকে এই জার্সিতে দেখা যাবে টেস্টে ক্রিকেটারদের।’
চলতি বছরের ১৫ জুলাই থেকে এই প্রতিযোগিতা শুরু হবে। চলবে ৩০ এপ্রিল ২০২১ পর্যন্ত। ফাইনাল হবে ২০১২ সালের জুন মাসে। টি-টোয়েন্টির আকর্ষণে মেতে থাকা ক্রিকেটপ্রেমীদের টেস্টে আগ্রহ বাড়াতেই ক্রিকেটারদের নাম এবং জার্সি নম্বর পরে মাঠে নামার উদ্যোগে সম্মতি দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

