ট্রাম্প প্রশাসনের ‘বেআইনি’ নির্দেশনার বিরুদ্ধে হার্ভার্ড ও এমআইটির মামলা



ট্রাম্প প্রশাসনের ‘বেআইনি’ নির্দেশনার বিরুদ্ধে হার্ভার্ড ও এমআইটির মামলা

করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিগুলোর ক্লাস অনলাইনে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এতে করে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অবিলম্বে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ পালন না করলে গ্রেফতারের পর বহিষ্কারের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন।

সেই ঘোষণাকে চ্যালেঞ্জ করেছে বিশ্বখ্যাত বস্টনের দুই শিক্ষা প্রতিষ্ঠান ম্যাসেচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং হার্ভার্ড ইউনিভার্সিটি।

৮ জুলাই বস্টনে ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে দায়েরকৃত এ মামলায় ট্রাম্প প্রশাসনের ৬ জুলাইয়ের নির্দেশকে স্থগিতের আবেদন জানানো হয়েছে। ভিসা কেড়ে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার এবং যারা সেপ্টেম্বরে শুরুতে নতুন শিক্ষাবর্ষের ক্লাস করতে আসতে অপেক্ষমান, তাদেরকে না আসতে দেয়ার যে নির্দেশনা জারি করা হয়েছে তা একেবারেই ‘বেআইনি’ বলে অভিহিত করা হয়েছে মামলার আবেদনে।

এ মামলার বিবাদী হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের অধীনেই অভিবাসন দফতর। ট্রাম্প প্রশাসনের নির্দেশে ওই বিধি কার্যকর করার কথা ইমিগ্রেশন এ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এর। তাদেরকেও বিবাদি করা হয়েছে।

অন্তত ১৪ দিনের অস্থায়ী নিষেধাজ্ঞা জারির আবেদন জানানো হয়েছে দায়েরকৃত মামলায়। শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের আর্জিতে উল্লেখ করা হয়েছে, গত মার্চে করোনা তাণ্ডবের শুরুতেই ফেডারেল প্রশাসনের যাবতীয় বিধি-নিষেধ মেনে চলছে তারা।

সেখানেও বলা হয়নি আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে কিংবা সেপ্টেম্বরের কোর্সে নতুন করে কেউ আসতে পারবে না।