ডলারের দুর্বল অবস্থানে ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার




ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে স্বর্ণের বাজার। গত বুধবার আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম বেড়েছে। ফেব্রুয়ারিতে সরবরাহের চুক্তিতে স্বর্ণের দাম বেড়েছে দশমিক ৪ শতাংশ।
দিন শেষে পণ্যটির দাম আউন্সপ্রতি ৫ দশমিক ৬০ ডলার বেড়ে ১ হাজার ৩১৯ দশমিক ৩০ ডলারে স্থির হয়। এর আগে পণ্যটির দাম ১ হাজার ৩২৮ দশমিক ৬০ ডলারে পৌঁছে গিয়েছিল।
আইসিইতে এক ডজন ভিন্ন মুদ্রার বিপরীতে ডলারের দাম কমেছে দশমিক ৩ শতাংশ। এর মধ্যে ইয়েনের বিপরীতে ডলারের দাম ১ শতাংশের বেশি কমেছে।
আন্তর্জাতিক বাজারে বেশির ভাগ পণ্য ডলারে লেনদেন হয়। এ কারণে মুদ্রাটির দাম কমলে ভিন্ন মুদ্রা ব্যবহারকারীদের জন্য পণ্য তুলনামূলক সস্তা হয়। আবার ডলারের দুর্বল অবস্থান স্বর্ণের মতো লভ্যাংশহীন পণ্যের চাহিদা বাড়িয়ে দেয়।
এদিকে অন্য ধাতুর মধ্যে এপ্রিলে সরবরাহের চুক্তিতে প্লাটিনামের দাম দশমিক ৭ শতাংশ বেড়েছে। এদিন পণ্যটি আউন্সপ্রতি ৯৭৮ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়। মার্চে সরবরাহের চুক্তিতে রুপার দাম দশমিক ২ শতাংশ বেড়েছে। এদিন পণ্যটি আউন্সপ্রতি ১৭ দশমিক শূন্য ৩৫ ডলারে লেনদেন হয়।