ডলারের দুর্বল অবস্থানে বেড়েছে স্বর্ণের বাজার। ফেব্রুয়ারি সরবরাহ চুক্তিতে স্বর্ণের দাম বেড়েছে দশমিক ৩ শতাংশ। গত বুধবার অগ্রিম চুক্তির বাজারে পণ্যটির দাম বেড়েছে।
এদিন পণ্যটি আউন্সপ্রতি ৩ দশমিক ৬০ ডলার বেড়ে ১ হাজার ৩৩৯ ডলারে লেনদেন হয়। চলতি বছর এ পর্যন্ত পণ্যটির দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়েছে। ফেড সুদহার অপরিবর্তিত রাখার ঘোষণা দেয়ার পরে পণ্যটির দাম ১ হাজার ৩৪২ ডলার উন্নীত হলেও পরে তা কমে ১ হাজার ৩৩৫ ডলারে নেমে আসে।
একই দিন এপ্রিলে সরবরাহ চুক্তিতে স্বর্ণের দাম বেড়েছে দশমিক ২ শতাংশ। এদিন পণ্যটির দাম আউন্সপ্রতি ৩ দশমিক ১০ ডলার বেড়ে ১ হাজার ৩৪৩ দশমিক ১০ ডলারে লেনদেন হয়।
ফেডের ঘোষণার দেড় ঘণ্টার মধ্যে পণ্যটির দাম ১ হাজার ৩৪০ ডলারে নেমে আসে। এদিন আইসিইতে ডলার সূচকের অবস্থান দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৯ দশমিক ২৭২ পয়েন্ট।
সাধারণত ডলার ও স্বর্ণ বিপরীতমুখী আচরণ করে। সুদহার কমানো হলে স্বর্ণের চাহিদা বেড়ে যায়। এতে এসব পণ্যের দাম বাড়ে। একইভাবে ডলারের বিনিময়মূল্য বাড়লে স্বর্ণের দাম কমে যায়। কারণ এতে ভিন্ন মুদ্রা ব্যবহারকারীদের জন্য স্বর্ণ তুলনামূলক দামী হয়ে ওঠে।
