ডলারের শক্তিশালী অবস্থানে নিম্নমুখী স্বর্ণের বাজার



ডলারের অবস্থান শক্তিশালী হওয়ায় নিম্নমুখী হয়ে পড়েছে স্বর্ণের বাজার। গত বুধবার পণ্যটির দাম কমেছে।
এপ্রিলে সরবরাহের চুক্তিতে স্বর্ণের দাম কমেছে ১ দশমিক ৩ শতাংশ। এদিন পণ্যটির দাম আউন্সপ্রতি ১৭ দশমিক ৮০ ডলার কমে ১ হাজার ৩২৪ দশমিক ৪০ ডলারে স্থির হয়, যা ২১ মার্চের পর থেকে সর্বনিম্ন সমাপনী দামের রেকর্ড। শতাংশ বিবেচনায় স্বর্ণের এ দরপতন গত ২০ ফেব্রুয়ারির পর থেকে সর্বোচ্চ।
মে মাসে সরবরাহের চুক্তিতে রুপার দাম কমেছে ১ দশমিক ৭ শতাংশ। এদিন পণ্যটির দাম আউন্সপ্রতি ২৮ দশমিক ৮ সেন্ট কমে ১৬ দশমিক ২৫৩ ডলারে স্থির হয়। চলতি সপ্তাহে এ পর্যন্ত পণ্যটির দাম ২ শতাংশ কমেছে। একই সময়ে স্বর্ণের দাম কমেছে ১ দশমিক ৯ শতাংশ।
সাধারণত স্বর্ণ ও ডলার বিপরীতমুখী আচরণ করে। ডলারের বিনিময়মূল্য বাড়লে স্বর্ণের চাহিদা কমে বাজারে দরপতন দেখা দেয়। আবার ডলারের
বিনিময়মূল্য কমলে স্বর্ণের বাজার চাঙ্গা হয়। গত বুধবার ইয়েনের বিনিময়মূল্য কমায় আইসিইতে ডলার সূচক বেড়েছে দশমিক ৮ শতাংশ।