ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর, ২০২৫) বিকেল ৪টায় শেষ হলেও, ৭ ঘণ্টা পেরিয়ে রাত পৌনে ১১টা পর্যন্ত ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি। নির্বাচন কমিশন জানিয়েছে, অধিকাংশ হল সংসদের ভোট গণনা শেষ হলেও কেন্দ্রীয় সংসদের গণনা এখনও চলছে। ফলাফলের বিলম্বের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও গুজব ছড়াচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করছে।
কেউ কেউ রিটার্নিং অফিসের প্যাডে ভুয়া ফলাফল তৈরি করে প্রার্থীদের বিজয়ী ঘোষণা করছে, আবার কেউ বিভিন্ন কেন্দ্রে ভোটের হিসাব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, এসব তথ্য ভিত্তিহীন এবং গণনা এখনও শেষ হয়নি।
এক কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা জানান, “ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স ৫টার পর খোলা হয়। খালি ব্যালট সিল করা ও ব্যালট সাজানোর কাজ ম্যানুয়ালি করতে সময় লেগেছে। রাত ৮টা থেকে ওএমআর স্ক্যানিং শুরু হয়, তবে প্রচুর ব্যালট ও প্রার্থীর কারণে গণনা চ্যালেঞ্জিং।” গণনা শেষে সিনেট ভবন থেকে ফলাফল ঘোষণা করা হবে।
ভোটগ্রহণ শেষের পর থেকে কেন্দ্রগুলোর সামনে শিক্ষার্থী ও প্রার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। রাতেও অনেকে ফলাফলের অপেক্ষায় কেন্দ্র ত্যাগ করেননি। নির্বাচনে গড়ে ৭৮.৩৩% ভোট পড়েছে। সূর্যসেন হলে সর্বোচ্চ ৮৮% ভোট পড়েছে, এবং ১২টি হলে ৮০%-এর বেশি ভোট পড়েছে। তবে ছাত্রী হলগুলোতে ভোট পড়ার হার তুলনামূলক কম।

