ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি সচিবালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।
সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল ও ইসির প্যানেল আইনজীবী তৌহিদুল ইসলাম কমিশনের পক্ষে আদালতে লড়বেন।
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে একজন কর্মকর্তা বলেন, হাই কোর্টের স্থগিতাদেশের কপি পাওয়ার পরই বিষয়টি নিয়ে বৈঠক করে নির্বাচন কমিশন। আইনজীবীদের সঙ্গে বসে দুইজন আইনজীবীকে ওকালতনামা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আনিসুল হকের মৃত্যুতে ডিএনসিসির মেয়র পদটি শূন্য হয়। আইন অনুযায়ী ইসি ৯ জানুয়ারি এই পদে উপনির্বাচন এবং ডিএনসিসিতে নতুন যুক্ত ১৮টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন এবং দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের নির্বাচনের তফসিল দিয়েছিল। আগামী ২৬ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল।
কিন্তু আলাদা রিট মামলার পরিপ্রেক্ষিতে আদালত ১৭ জানুয়ারি ডিএনসিসি নির্বাচনের তফসিলের কার্যকারিতা স্থগিত করেন।
