ভারতের ২৩ বছরের তরুণী নির্ভয়াকে ধর্ষণ ও হত্যাকারী চার আসামির মৃত্যুদণ্ড আগামী ২০ মার্চ স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার মধ্যে কার্যকরের আদেশ দিয়েছেন দিল্লি আদালত।
এই নিয়ে চতুর্থবারের মতো মৃত্যুদণ্ড কার্যকরের দিনক্ষণ নির্ধারণ করলেন আদালত। চলতি বছরে তিনবার আসামিদের ফাঁসির তারিখ ঘোষণা করা হলেও বিভিন্ন আইনি জটিলতায় তা শেষ মুহূর্তে স্থগিত করা হয়।
উল্লেখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে ২৩ বছরের তরুণী নির্ভয়া তার এক বন্ধুর সঙ্গে দক্ষিণ দিল্লিতে সিনেমা দেখতে গিয়েছিলেন। ফেরার পথে একটি বাসে নির্ভয়াকে গণধর্ষণ করার পর লোহার রড দিয়ে কয়েক ঘণ্টা শারীরিক নির্যাতন করা হয়। ২৯ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় নির্ভয়ার মৃত্যু হয়।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পবন গুপ্তের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেন। এর মধ্য দিয়ে চার আসামিরই মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে নেওয়া সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ হয়।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত চারজন ছাড়াও এই গণধর্ষণ ও হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পঞ্চম অপরাধী রাম সিং কারাগারে আত্মহত্যা করেন। আর অপরাধ করার সময় ষষ্ঠ অপরাধীর বয়স ১৮ বছরের কম থাকায় তাকে সংশোধনাগারে রাখার তিন বছর পর ছেড়ে দেওয়া হয়।
এদিকে, নির্ভয়ার মা আশা দেবী বলেছেন, আমি আশা করি, এটিই চূড়ান্ত দিন হবে এবং আসামিদের মৃত্যুদণ্ড ২০ মার্চ কার্যকর হবে। মারা যাওয়ার কিছুক্ষণ আগে নির্ভয়া বলেছিলো, আসামিদের যেন এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে এমন অপরাধ করতে আর কেউ সাহস না পায়।

