তারেক রহমানের দেশে ফেরায় সহায়তার আশ্বাস, শেখ হাসিনার প্রত্যর্পণে অগ্রগতি নেই



পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি দেশে ফেরার সিদ্ধান্ত নেন, তবে সরকার তার ভ্রমণ নথি বা পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। বুধবার (৩ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেশে ফেরার বিষয়টি সম্পূর্ণ তারেক রহমানের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে প্রয়োজন হলে তার ভ্রমণ নথি বা পাসপোর্ট সম্পর্কিত বিষয়ে আমরা সহযোগিতা করব।”

এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন জানান, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেছেন কি না, সে সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই। তিনি আরও বলেন, “তারেক রহমানকে প্রথমে দেশে ফেরার বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। তারপর আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ঢাকা থেকে ভারতের কাছে পাঠানো প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি। তিনি জানান, এ বিষয়ে দ্বিতীয় কোনো অনুরোধপত্র এখনো পাঠানো হয়নি। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন, এবং তার প্রত্যর্পণের বিষয়টি আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের অপেক্ষায় রয়েছে।