দল ঘোষণা হয়ে গিয়েছে। স্বপ্নের বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড উড়াল দিচ্ছে কারা? চর্চাটা অনেক দিন ধরেই ছিল। সব ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কিছুটা চমকে দিয়েই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চমকে দেওয়া জায়গাটা পঞ্চম পেসারের। সেখানে শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি থাকলেও সবাইকে পেছনে ফেলে ইংল্যান্ড যাচ্ছেন আবু জায়েদ রাহী।
অনেকগুলো জায়গায় পাকাপোক্ত ছিল। অধিনায়ক মাশরাফির সাথে পেস ডিপার্টমেন্ট সামলাবেন মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, ও মোহাম্মদ সাইফুদ্দিন – অনেকটাই অনুমিত ছিল। যে জায়গাটা নিয়ে সবার যুদ্ধ, সে জায়গা নিজের করে নিয়েছেন রাহী।
তামিম ইকবালের সাথে ওপেনিং স্লটে আছেন লিটন কুমার দাস ও সৌম্য সরকার। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদকে ছাড়া হবে না দল। তাদের সাথে মিডল অর্ডারে মোহাম্মদ মিঠুন আসছেন।
দীর্ঘদিন পর দলের সাথে যুক্ত হচ্ছেন মোসাদ্দেক হোসেন সৈকত। সাকিবের সাথে স্পিন রাজ্য সামলাবেন মেহেদী হাসান মিরাজ। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই সেঞ্চুরি করা সাব্বির রহমানকে বাদ দেওয়ার কারণ ছিল না।
বিশ্বকাপের দল ১৫ জনের হলেও আয়ারল্যান্ড সফরের জন্যও দল ঘোষণা করেছে বিসিবি। বাড়তি দুইজনসহ দলে আছেন ১৭ জন। বাড়তি খেলোয়াড়রা হলেন, ইয়াসির আলী ও নাঈম হাসান।
ইংল্যান্ডের পথে উড়াল দিচ্ছেন যারা :
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী।
আয়ারল্যান্ড সিরিজের বাড়তি হলেন ইয়াসির আলী, নাঈম হাসান।

