গুজব ছড়িয়ে পরে তিনটি থানকুনিপাতা খেলে করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে; তবে ফজরের নামাজের আগেই এ পাতা খেতে হবে। আর তাই গতকাল দিবাগত রাত দুইটা থেকে ফজর নামাজের আগপর্যন্ত পাতা খাওয়ার হিড়িক চলে। কোথাও কোথাও থানকুনিপাতা খেতে মাইকযোগে আহ্বান জানানো হয়। এমনই ঘটনা ঘটেছে বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলায়।
এ বিষয়ে অনেকে জানিয়েছেন, তাঁদের স্বজনেরা রাত তিনটায় হঠাৎ ফোন দিয়ে জানান, থানকুনিপাতা খেলে করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে মুক্তি মিলবে। এ খবর পাওয়ার পরে তাঁরা রাতেই পাতার সন্ধানে নামেন এবং বাড়ির আঙিনা ও আশপাশের জঙ্গল থেকে পাতা তুলে খেয়ে নেন।
নাম প্রকাশ না করার শর্তে আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম গ্রামের এক হাজি দম্পতি জানান, ফোন পেয়ে রাত তিনটায় পাতা তুলে খেয়েছেন। কে এই আদেশ দিয়েছে, জানতে চাইলে তাঁরা বলেন, এক পীর স্বপ্নে করোনাভাইরাস থেকে মুক্তির এই তরিকা পেয়েছেন বলে শুনেছেন। ওই পীর সবাইকে পাতা খাওয়ার নির্দেশ দিয়েছেন। পীরের নাম জানতে চাইলে তাঁরা বলেন, তা তো জিজ্ঞাসা করেননি।
গৌরনদী উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবদুল বাতেন বলেন, থানকুনি পাতা খেতে কোন আলেম বা পীর আদেশ দিয়েছেন বলে কোনো হদিস পাওয়া যায়নি। এ পাতা খেলে রোগমুক্তি হবে, ইসলামেও এমন তথ্যেরও কোনো ভিত্তি নেই।

