কুড়িগ্রামের উলিপুরে খাদ্য সহায়তার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একদল এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার দলদলিয়া ইউনিয়নের সরফদি গ্রামে উলিপুর-রাজারহাট সড়ক অবরোধ করে ওই এলাকার ত্রাণ সহায়তা বঞ্চিতরা।

পরে সহকারী কমিশনার (এসিল্যান্ড) সোহেল সুলতান জুলকার নাইন কবির পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তালিকা প্রস্তুত করে ত্রাণ সহায়তা দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসী।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার সরফদি গ্রামের শতাধিক নারী-পুরুষ জড়ো হয়ে উলিপুর-রাজারহাট সড়ক অবরোধ করে খাদ্য সহায়তার দাবি জানান। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সেখানে আসা ওই গ্রামের মোস্তাফিজার অভিযোগ করেন, পরপর তিন দফায় সরকারি খাদ্য বিতরণ করা হলেও, তাদের অনেকেই খাদ্য সহায়তা পাননি।
আবু মিয়া নামে এক এলাকাবাসী বলেন, ‘রোজগার না থাকায় আমরা খাবারের কষ্টে দিন পারি দিলেও জনপ্রতিনিধিরা কেউ খোঁজ নিচ্ছেন না। আমরা স্ত্রী সন্তান নিয়ে বিপাকে আছি।’
বিক্ষোভকারীদের অভিযোগ, চেয়ারম্যান-মেম্বাররা তাদের পছন্দের লোককে রিলিফ দেয়।
দলদলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সী বলেন, ‘এই ইউনিয়নে ৩৯ হাজার মানুষ বসবাস করেন। এলাকায় কেউ অনাহারি মানুষ নাই। সমস্যা থাকতে পারে। সরকারি ঘোষণা ছিল, বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে।

এ কারনে সবাই ত্রাণ চায়। অথচ যারা রাস্তায় নেমেছেন, তাদের কারো বয়স্কভাতার কার্ড আছে, প্রতিবন্ধী, ভিজিডিসহ বিভিন্ন সরকারি সহায়তার কার্ড আছে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনার পেছনে কারও ইন্ধন থাকতে পারে। কেউ হয়তো মানুষজনকে উস্কে দিয়েছে। তিন দফায় সরকারিভাবে বরাদ্দ পাওয়া দশ মেট্রিকটন চাল ও এক মেট্রিকটন আলু এক হাজার মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।’
সহকারী কমিশনার (এসিল্যান্ড) সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন,’সড়ক অবরোধের খবরে ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলি। তাদের দাবির প্রেক্ষিতে নতুন করে তালিকা করে ত্রাণ সহায়তা দেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।’
এসিল্যান্ড আরও বলেন, ‘ওই এলাকার চেঢারমৗান ও ইউপি সদস্যকে তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। আগামীকাল তালিকা হাতে পাওয়া যাবে। তালিকা যাচাই করে সে অনুযায়ী সহায়তার ব্যবস্থা করা হবে।’
সড়ক অবরোধ করে ত্রাণের দাবির পেছনে কারও কোনও ইন্ধন রয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে এসিল্যান্ড বলেন, ‘ এটা তদন্তের বিষয়। সংশ্লিষ্ট বিভাগ তা তদন্ত করে দেখতে পারে।’

এ ব্যাপারে কুড়িগ্রাম-৩ (উলিপুর)আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন বলেন, ‘ যারা খাদ্য সহায়তার দাবিতে সড়ক অবরোধ করেছেন আমরা তাদের তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছি।
যারা প্রকৃত অভাবগ্রস্থ তাদেরকে অবশ্যই সহায়তা করা হবে। তবে পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ এসব বিক্ষোভের ইন্ধন দিচ্ছে কিনা আমরা সেটাও তদন্ত করে দেখছি।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল কাদের বলেন, ‘ঘটনা জানার পরই আমরা সড়ক অবরোধ তুলে নেওয়ার ব্যবস্থা নিয়েছি। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে প্রকৃত অভাবগ্রস্থদের তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। তালিকা পেলে যাচাই সাপেক্ষে খাদ্য সহায়তা দেওয়া হবে।’
পেপার’স লাইফ/চন্দন কুমার সরকার,কুড়িগ্রাম প্রতিনিধি

