থাইল্যান্ডের ‘থাম লুয়াং’ গুহায় আটকে পড়া আরও চার কিশোরকে বের করে এনেছেন উদ্ধারকর্মীরা। এ নিয়ে আট কিশোর ফুটবলারকে উদ্ধার করা হলো। এ নিয়ে দুই দিনে মোট আট কিশোরকে উদ্ধার করা হলো।
থাই নৌবাহিনী তাদের ফেসবুক পাতায় সোমবার আরও চার কিশোরকে উদ্ধারের খবর নিশ্চিত করেছে।
এখনও আরও চার কিশোর এবং তাদের কোচ গুহার ভেতরে আটকা পড়ে আছেন। উদ্ধারকর্মীরা তাদের মঙ্গলবার বের করে আনার পরিকল্পনা করেছেন।
রোববার প্রথম দিনে উদ্ধার অভিযান শেষে চারজন কিশোরকে উদ্ধার করা হয়। সোমবার স্থানীয় সময় বেলা ১১ টার দিকে দ্বিতীয় দিনের অভিযান শুরু হয়। রোববারের উদ্ধারকারী ডুবুরিরাই গুহায় প্রবেশ করেন। স্থানীয় সময় সাড়ে ৪টার দিকে পঞ্চম কিশোরকে গুহা থেকে বের করে আনে উদ্ধারকারী। এরপর আরও তিনজনকে গুহা থেকে বের করে আনেন উদ্ধারকারীরা। এখনো চার ফুটবলার ও কোচ গুহার ভেতরে আছেন। উদ্ধারের পরই অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার হওয়া ফুটবলাররা সুস্থই আছে। তাদের চিকিৎসা চলছে।
সোমবার স্থানীয় সময় সকাল ১১টা (০৪:০০ জিএমটি) থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করেন ডুবুরিরা।
রোববারের তুলনায় এদিন উদ্ধার কাজের জন্য ডুবুরির সংখ্যা আরও বাড়ানো হয়। যদিও ১৩ জন বিদেশি এবং পাঁচজন থাই ডুবুরিই গুহা থেকে কিশোরদের বের করে আনার মূল কাজটি করছেন বলে জানায় বিবিসি।
এদিকে রোববার রাতেও চিয়াং রাই প্রদেশে ভারি বর্ষণ হয়েছে। যে কারণে গুহার ভেতরে থাকা কিশোরদল ও তাদের কোচকে নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল। যদিও বৃষ্টির কারণে গুহার ভেতরে পানির লেভেলে কোনো পরিবর্তন হয়নি বলে জানান থাই কর্তৃপক্ষ। বরং রোববারের তুলনায় সোমবার গুহার ভেতরের পরিস্থিতি অনুকূলে ছিল বলে জানান উদ্ধারকর্মীরা।
গত ২৩ জুন নিয়মিত প্রশিক্ষণ শেষে এক কিশোরের জন্মদিন উদযাপন করতে ১২ সদস্যের ওই কিশোর ফুটবল দল এবং তাদের ২৫ বছর বয়সী কোচ উত্তরের চিয়াং রাই প্রদেশের ‘থাম লুয়াং’ গুহায় প্রবেশ করে।
প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে আকস্মিক পাহাড়ি ঢলে গুহার ভেতর পানি ঢুকে পড়লে দলটি আটকা পড়ে যায়।
নিখোঁজ হওয়ার ১০দিনের মাথায় দুই বৃটিশ ডুবুরি দলটির সন্ধান পায়। ওই কিশোরদের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে।
