নাসির হোসেনের নেতৃত্বে এবছরের বিপিএল টুর্নামেন্টের সবচেয়ে কম বাজেটের দলটি উপহার দিচ্ছে একের পর এক চমক। তাদের তৃতীয় চমকের দিনে রাজশাহী কিংসের কপালে জুটলো দুই ম্যাচে দ্বিতীয় হার।
মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে প্রথম দুই ম্যাচে চেজ করে ম্যাচ জেতা সিলেট। এবার তারা কেমন করবে, সে দিকে নজর ছিলো সবার। কিন্তু সিলেটের নজর ছিলো কেবল ব্যাটিংয়ের দিকে। ২০ ওভারে তারা তুলে ফেলে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান— ২০৫। সেটাও চার উইকেট হাতে রেখে।
রাজশাহী কিংস জবাব দিতে নেমে গুটিয়ে যায় সিলেটের চেয়ে ৩৩ রান পিছনে থাকতে (১৭২, আট উইকেটে)। ২০৫ রানের পিছনে ছুটতে গিয়ে শুরুটা দারুণ করে রাজশাহী। কোনো উইকেট না হারিয়ে ৫০ তুলে ফেলেন লুক রাইট ও মুমিনুল হক। কিন্তু ৫০ রান থেকে ৫২-তে যেতে না যেতেই উইকেট হারিয়ে বসে তারা।
একই ওভারে সিলেটের অলরাউন্ডার লিয়াম প্লাঙ্কেট তুলে নেন মুমিনুল হক ও রনি তালুকদারকে। বড় রান তাড়া করতে নেমে রাজশাহী ছন্দ হারিয়ে বসে তখনই। যা আর ফিরে পায়নি তারা। ১০০ রানের মধ্যে রাজশাহী হারিয়ে বসে আরো দুই উইকেট। পরে নিয়মিত উইকেট হারিয়ে শেষ হয় তাদের ইনিংস।
রাজশাহীর হয়ে সিলেটকে মাটিতে নামিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করেন লুক রাইট। ইংলিশ এই ক্রিকেটার ৫৬ রান করেন। পরের দিকে জেমস ফ্র্যাঙ্কলিন করেন ৩৫ রান। এ দুজনের চেষ্টাও শেষ পর্যন্ত রাজশাহীকে জয়ের বন্দরে নিতে পারেনি। সিলেটের হয়ে তিনটি করে উইকেট নেন আবুল হাসান রাজু ও লিয়াম প্লাঙ্কেট।
এর আগে সিলেট ২০৫ রান তুলে আন্দ্রে ফ্লেচার ও উপুল থারাঙ্গার শত রানের জুটিতে ভর করে। যেখানে টানা তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন উপুল থারাঙ্গা। দুর্দান্ত ব্যাটিং করেন দানুসকা গুনাথিলাকা ও রস হোয়াইটলি। গুনাথিলাকা ২২ বলে করেন ৪২ রান আর ‘ছক্কাবাজ’ হোয়াইটলির ব্যাট থেকে আসে ১২ বলে ২৫ রান।
রাজশাহীর হয়ে ৩০-এর বেশি রান দেন কারসিক উইলিয়ামস, হোসেন আলি ও জেমস ফ্র্যাঙ্কলিন। এই তিন বোলারের খরুচে পারফর্ম্যান্সই মূলত রাজশাহীর জন্য সব কিছু কঠিন করে তুলে। যে কঠিন কাজ সামলাতে গিয়ে মুখ থুবড়ে পড়ে তাদের ব্যাটিং লাইন।
