প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়েই ভয়াবহ সংকট তৈরি করে রেখেছে। এ অবস্থায় ১৫ লাখ কবর খুঁড়ে রাখছে দক্ষিণ আফ্রিকা।
ফোর্বসের এক প্রতিবেদনে জানা হয়েছে যে, দক্ষিণ আফ্রিকার গাওতেং প্রদেশে ১৫ লাখ কবর খোঁড়া হচ্ছে। সেখানকার প্রশাসনের এমন উদ্যোগে ইতোমধ্যেই সমালোচনা শুরু হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় করোনার হট স্পট গাওতেং প্রদেশ। সেখানকার মেডিকেল কাউন্সিলের সদস্য ডা. বান্দিলে মাসুকু জানিয়েছেন, বাধ্য হয়েই তাদের এমন অস্বস্তিকর একটি সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে অনেকেই বলছেন, প্রশাসন আসলে নিজেদের ব্যর্থতা ঢাকতে এমন নিন্দনীয় কাজ শুরু করেছে।
প্রেটোরিয়া এবং জোহানেসবার্গ গাওতেং প্রদেশের অন্তর্ভুক্ত। জোহানেসবার্গ ওই অঞ্চলের রাজধানী। গাওতেং প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে। দেশের মোট আক্রান্তের ৩৩ শতাংশ ওই প্রদেশের। দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত ২ লাখ ১৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে তিন হাজার ৬০২ জন মারা গেছে।

