দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের



দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের পতন ঘটেছে। দিনের শুরুতে সূচকে মন্দা ভাব দেখা গেলেও ১১টার পর থেকে তা ঊর্ধ্বমুখী হতে শুরু করে। তবে দিন শেষে সূচকে মন্দা ভাব বজায় থাকে। এদিকে দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ১৪ দশমিক ৮৬ পয়েন্ট বা দশমিক ২৬ শতাংশ কমে দাঁড়ায় ৫ হাজার ৬৪৮ দশমিক ৯১ পয়েন্টে। ২ দশমিক ৯৩ পয়েন্ট বা দশমিক ১৪ শতাংশ কমে ২ হাজার ১০২ দশমিক ৩৬ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। ৩ দশমিক ৬৮ পয়েন্ট বা দশমিক ২৮ শতাংশ কমে ১ হাজার ৩৩৩ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৯ কোটি ২৪ লাখ ৮০ হাজার ৯৭৪টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ২৪১ কোটি ৭১ লাখ ৩৭ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৫১২ কোটি ৪১ লাখ ৭৩ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১৯৬টির ও অপরিবর্তিত ছিল ৪৪টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইর ব্রড ইনডেক্স সিএসসিএক্স ১০ দশমিক ৭২ পয়েন্ট কমে ১০ হাজার ৫৩৯ দশমিক ৯৯ পয়েন্টে নেমে যায়। তবে ৬ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৩৬ দশমিক ২ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ১৬ কোটি ৫১ লাখ ৯১ হাজার ৩৯১ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ১২ কোটি ৩২ লাখ ৪১ হাজার ২৭ টাকা।