দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের



দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। তবে লেনদেন বেড়েছে দুই স্টক এক্সচেঞ্জেই। দিনের শুরুতে চাঙ্গা ভাব থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকে সূচক। এদিকে উভয় বাজারে দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৬৮ দশমিক ৪৫ পয়েন্ট বা ১ দশমিক ২৪ শতাংশ কমে দাঁড়ায় ৫ হাজার ৪৪৩ দশমিক ৩১ পয়েন্টে। ৩০ দশমিক ১৭ পয়েন্ট বা ১ দশমিক ৪৭ শতাংশ কমে ২ হাজার ২৫ দশমিক ৩৯ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। এদিকে ১৩ দশমিক ৪৩ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ৪ শতাংশ কমে ১ হাজার ২৭৭ দশমিক ৬ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১১ কোটি ৯২ লাখ ২২ হাজার ৬২৪টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৪৯২ কোটি ৭৯ লাখ ৭৬ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ৩৯৪ কোটি ৮৬ লাখ ৩৮ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ২৫৪টির ও অপরিবর্তিত ছিল ৩৮টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ১২৮ দশমিক ৩২ পয়েন্ট কমে ১০ হাজার ১৫৯ দশমিক ৬৬ পয়েন্টে নেমে যায়। আর ২১০ দশমিক ১৫ পয়েন্ট কমে ১৫ হাজার ৩২৯ দশমিক ৭ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৫১ কোটি ৪৬ লাখ ৭ হাজার ২৫৪ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ২৩ কোটি ৫ লাখ ৫৫ হাজার ৩৬০ টাকা।