সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের। দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের নিম্নমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন।
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩২ দশমিক ১৭ পয়েন্ট বা দশমিক ৫২ শতাংশ কমে ৬ হাজার ১৯৬ দশমিক ৪৮ পয়েন্টে নেমে যায়। ১২ দশমিক ৭১ পয়েন্ট বা দশমিক ৫৭ শতাংশ কমে ২ হাজার ২৩১ দশমিক ১৭ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। ৫ দশমিক ৫৩ পয়েন্ট বা দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৩৬৪ দশমিক ৮৭ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১৪ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৯৫৭টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৫১১ কোটি ৫৯ লাখ ২৬ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৪৬৫ কোটি ৫৭ লাখ ৯৪ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৮০টির ও অপরিবর্তিত ছিল ৪৫টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসইর) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৬৮ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১১ হাজার ৫৯১ দশমিক ১৮ পয়েন্টে নেমে যায়। ১১৪ দশমিক ৬৪ পয়েন্ট কমে ১৭ হাজার ২১৩ দশমিক ৯৪ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০।
সিএসইতে কেনাবেচা হয়েছে ৪৩ কোটি ৯৩ লাখ ১২ হাজার ১১৩ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৩০ কোটি ৭২ লাখ ৯৭ হাজার ৩৮৯ টাকা।
