দর বেড়েছে অধিকাংশ সিকিউরিটিজের



সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে সপ্তাহ শুরু হয়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। এদিন দিনের শুরু থেকেই বাড়তে থাকে সূচক। দুই স্টক এক্সচেঞ্জেই দর বেড়েছে অধিকাংশ সিকিউরিটিজের। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ২ দশমিক ৬৭ শতাংশ বেড়ে ৫ হাজার ৭৪৭ দশমিক ১৪ পয়েন্টে উন্নীত হয়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইর ব্রড ইনডেক্স ডিএসইএক্স ১৪৯ দশমিক ৭ পয়েন্ট বা ২ দশমিক ৬৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৭৪৭ দশমিক ১৪ পয়েন্টে। এদিকে ৪৩ দশমিক ৯৮ পয়েন্ট বা ২ দশমিক শূন্য ৯ শতাংশ বেড়ে ২ হাজার ১৫০ দশমিক শূন্য ১ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। আর ২৫ দশমিক ২৩ পয়েন্ট বা ১ দশমিক ৯২ শতাংশ বেড়ে ১ হাজার ৩৩৯ দশমিক ৮৮ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১৫ কোটি ২২ লাখ ৭১ হাজার ৭৮২টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৪৪১ কোটি ৮৫ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৪৭০ কোটি ৩৬ লাখ ৪৮ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ২৯৮টির, কমেছে ২৫টির ও অপরিবর্তিত ছিল ১৫টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইর ব্রড ইনডেক্স সিএসসিএক্স ২৮৭ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬৯১ দশমিক ৪১ পয়েন্টে উন্নীত হয়। আর ৩৬৪ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ২৩৯ দশমিক ৮৭ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৩০ কোটি ২১ লাখ ৯৪ হাজার ৪১৮ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৬৫ কোটি ৭৭ লাখ ৩৬ হাজার ৬২২ টাকা।