দস্তার দামে ঊর্ধ্বমুখী প্রবণতা




আন্তর্জাতিক বাজারে এক দশকের কিছু বেশি সময়ের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে দস্তার দাম। মূলত চীনের বাজারে পণ্যটির বাড়তি চাহিদার খবরে এদিন দস্তার দামে তেজিভাব দেখা দেয়। একই সঙ্গে এদিন তামা ও নিকেলের দাম আগের দিনের তুলনায় বেড়েছে।
প্রতি টন দস্তা বিক্রি হয় ৩ হাজার ৪০০ ডলারে, যা ২০০৭ সালের আগস্টের পর সর্বোচ্চ। এলএমইতে ২০১৬ সালে ব্যবহারিক ধাতুটির গড় দাম আগের বছরের তুলনায় ৬০ শতাংশ বেড়েছিল। প্রবৃদ্ধির ধারা বজায় রেখে গত বছরও এলএমইতে দস্তার গড় দাম আগের বছরের তুলনায় ২৮ শতাংশের বেশি বেড়েছে। চলতি বছরের শুরুতে পণ্যটির দাম এক দশকের সামান্য বেশি সময়ের মধ্যে সর্বোচ্চে উঠল।
২০১৭ সালের প্রথম ১১ মাসে (জানুয়ারি-নভেম্বর) দেশটিতে ব্যবহারিক ধাতুটির আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৪৩ শতাংশ বেড়েছে। গত বছরের জানুয়ারি-নভেম্বর সময়কালে চীন সব মিলে ৫ লাখ ৭৩ হাজার টন দস্তা আমদানি করেছে। চীনের বাজারে দস্তা আমদানিতে প্রবৃদ্ধি অর্জনের খবরে এলএমইতে ব্যবহারিক ধাতুটির বাজারে তেজিভাব দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সোসিয়েতে জেনারেলের পণ্যবাজারবিষয়ক বিশ্লেষক রবিন ভার বলেন, একদিকে চিলিসহ কয়েকটি দেশে দস্তার উত্তোলন কমেছে, অন্যদিকে শীর্ষ আমদানিকারক ও ব্যবহারকারী দেশ চীনে পণ্যটির আমদানি বেড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে দস্তার সীমিত সরবরাহের বিপরীতে বাড়তি চাহিদা রয়েছে। এ কারণে ব্যবহারিক ধাতুটির দামে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে।