দাম কমেছে জ্বালানি তেলের




আন্তর্জাতিক বাজারে গতকাল আগের দিনের তুলনায় দাম কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের। মূলত পণ্যটির রফতানিকারকদের জোট অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজভুক্ত (ওপেক) দেশ লিবিয়ায় অপরিশোধিত জ্বালানি তেলের বাড়তি উত্তোলন ও যুক্তরাষ্ট্রে গ্যাসোলিন মজুদে চাঙ্গাভাবের খবরে এদিন পণ্যটির দামে নিম্নমুখী প্রবণতা দেখা যায়।
এদিন ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) বিক্রি হয় প্রতি ব্যারেল ৪৭ ডলার ৫৯ সেন্টে, যা আগের দিনের তুলনায় ২৪ সেন্ট বা দশমিক শূন্য ৫ শতাংশ কম। এদিন ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় ৫১ ডলার ৬৪ সেন্টে, যা আগের দিনের তুলনায় ২৩ সেন্ট বা দশমিক শূন্য ৪ শতাংশ কম। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) জুলাইয়ের শেষ সপ্তাহটি ছিল অপরিশোধিত জ্বালানি তেলের পারফরম্যান্সের ভিত্তিতে বছরের সেরা সপ্তাহ। এ সময় ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের গড় দাম ছিল ৪৯ ডলার ৭১ সেন্ট। এ সময় প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের গড় দাম ছিল ৫২ ডলার। চলতি বছর এটাই ছিল পণ্যটির সর্বোচ্চ দাম। এরপর থেকে পণ্যটির দামে ক্রমাগত নিম্নমুখিতা বজায় রয়েছে।
লিবিয়ায় চলমান অস্থিতিশীলতার জের ধরে বৃহত্তম সারারা তেল খনিতে উত্তোলন সাময়িক বন্ধ হয়ে যায়। খনিটি থেকে বর্তমানে দৈনিক ২ লাখ ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হচ্ছে। গত জুনের শেষেও খনিটি থেকে পণ্যটির দৈনিক গড় উত্তোলনের পরিমাণ ছিল এক লাখ ব্যারেল। এ কারণে ওপেকভুক্ত দেশগুলোয় পণ্যটির সম্মিলিত উত্তোলন বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে গত সপ্তাহে গ্যাসোলিনের মজুদ বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় দৈনিক ১৪ লাখ ব্যারেল। এ দুই খবরের জের ধরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দরপতন হয়েছে। তবে যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের গড় উত্তোলন আগের বছরের একই সময়ের তুলনায় ৩৬ লাখ ব্যারেল কমেছে।