গতকাল আন্তর্জতিক বাজারে স্বর্ণের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। মূলত ডলারের বিনিময়মূল্য দুর্বল হওয়ার জের ধরে মূল্যবান ধাতুটির বাজারে তেজিভাব দেখা গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। স্বর্ণের পাশাপাশি এদিন রুপার দামও বেড়েছে।
যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে গতকাল দিন শেষে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ৩৩৮ ডলার ৯৭ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৮ শতাংশ বেশি।
দিনের শুরুতে মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি ১ হাজার ৩৪০ ডলার ৮৫ সেন্টে উঠেছিল, যা গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।
অন্যদিকে ডলারের দুর্বল বিনিময়মূল্যের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে গতকাল ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ৩৪১ ডলার ৯ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৯ শতাংশ বেশি। মার্কিন স্পট মার্কেটে এদিন প্রতি আউন্স রুপা বিক্রি হয় ১৬ ডলার ৭২ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ১ শতাংশ বেশি।
