লক্ষ্মীপুরের রায়পুরে বাড়িতে বাড়িতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর খোঁজ নিয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট এবিএম মারুফ বিন জাকারিয়া।
মোট ১৮ জন করোনা রোগীর খোঁজ নেওয়ার পর রোববার রাত সাড়ে ১০টার দিকে জানতে পারেন তিনি নিজেও করোনায় আক্রান্ত।
সারা দিনের কর্মব্যস্ততা ও দায়িত্ব পালন করে ফেসবুকে রোববার রাত ৯টা ৫৪ মিনিটে করোনা রোগীদের সুস্থতা চেয়ে একটি স্ট্যাটাস দেন তিনি।
সেখানে তিনি লিখেছেন, ‘আজ (রোববার) ১৮ জন করোনা রোগীর সঙ্গে কথা বলেছি। বিশ্বাস করেন, তাদের সামনে গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে কথা না বললে আপনি বুঝতে পারবেন না তাদের মানসিক অবস্থা। আশপাশের মানুষগুলো আমরা এমন অবস্থা সৃষ্টি করি, মনে হয় করোনা পজিটিভ রোগীগুলো কোনো হিংস্র প্রাণী। তাদের অনুরোধ, আমি যেন তাদের পাশে থাকি। সবাইকে বলে এসেছি, তাদের প্রয়োজনীয় জিনিসের তালিকা করতে। কাল সকালে আমি তালিকা এনে ক্রয় করে সেই মোতাবেক পৌঁছে দেব। ইয়াং ব্লাড এত ভয় পাই না। যতটুকু সচেতনতা অবলম্বন করা দরকার তা করি। সবাই দোয়া করবেন এই রোগীগুলো যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।’
তবে এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১০টার দিকে তিনি জানতে পারেন নিজের দেওয়া নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে।
জানা যায়, চারদিন আগে অ্যাডভোকেট এবিএম মারুফ বিন জাকারিয়ার নমুনা পাঠানো হয়েছিল। রোববার তার রিপোর্ট হাতে আসে। রিপোর্টে তিনি করোনায় আক্রান্ত বলে জানা গেছে। তিনি এখন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

