দিনে ২০টির বেশি মিথ্যা বলেন ট্রাম্প


Trump @paperslife

এতো বেশি মিথ্যা বা অর্ধসত্য বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে গণমাধ্যমে তার বলা মিথ্যার গণনা চলছে। এতে দেখা গেছে, ট্রাম্প প্রতিদিন ২০টিরও বেশি মিথ্যা বা অর্ধসত্য কথা বলে থাকেন।

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের ‘ফ্যাক্ট চেকারের’ হিসাব অনুসারে, ক্ষমতা নেয়ার পর থেকে প্রথম ৬০১ দিনে ট্রাম্প মোট ৯ হাজার ৪৫১ টি মিথ্যা ও অর্ধসত্য বলেছেন।

সবশেষে সেদিন ওভাল অফিসে ন্যাটোর সেক্রেটারি জেনারেল স্টলটেনবার্গের পাশে যে মিথ্যা বললেন তাতে সবাই বিস্মিত হয়েছে।

স্টলটেনবার্গের দিকে তাকিয়ে ট্রাম্প জানান তার বাবা ফ্রেড ট্রাম্প জার্মানিতে জন্মগ্রহণ করেন। তিনি বলেন ‘আমার বাবা জার্মান, জার্মানির এক চমৎকার স্থানে তার জন্ম।’

বিস্মিত হওয়ার কারণ হচ্ছে, ট্রাম্পের বাবা জার্মান ঠিকই কিন্তু জন্মেছেন নিউইয়র্কের ব্রঙ্কসে। আবার ট্রাম্প তার বই ‘দ্য আর্ট অব দ্য ডিল’ গ্রন্থে লিখেছেন তার বাবা নিউ জার্সিতে জন্মেছেন।

এদিকে স্মোকিং গান নামের এক ওয়েবসাইটে ফ্রেড ট্রাম্পের জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট প্রকাশিত হয়েছে। যেখানে শিশুর জন্মস্থান নিউইয়র্কের ব্রঙ্কসে লেখা আছে।