দুই চালকের রেষারেষির বলি লাবণ্য


paperslife

বেপরোয়া গতির কারণেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পিকআপ ভ্যানের চাপায় নিহত হন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা হক লাবণ্য।

ঘটনার দিন বিশ্ববিদ্যালয় ছাত্রী লাবণ্যকে বহনকারী মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানচালক বেপরোয়াভাবে ওভারটেকিং এর সময় কাভার্ডভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ার পর ভ্যানটি তার শরীরের উপর দিয়ে চলে যায় বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার সরকার।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিপ্লব কুমার সরকার বলেন, উবারের রেজিস্ট্রেশন করা যে চালক উনি বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। কাভার্ড ভ্যান দ্রুত গতিতে যাওয়ার সময় মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে তাকে পার হয়ে যায়। এসময় দুর্ভাগ্যবশত মেয়েটি পেছন থেকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে দুর্ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে মোটরসাইকেল থাকলেই কোনো যাচাই বাছাই ছাড়াই চালক হয়ে যাচ্ছেন যে কেউ। এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি সংবাদ সম্মেলনে থাকা উবার কর্তৃপক্ষ।

তবে পুলিশ বলছে, দুর্ঘটনায় উবার কর্তৃপক্ষের গাফিলতি প্রমাণ হলে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, উবার বাইকে নিজ ক্যাম্পাসে যাওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা হক লাবণ্য নিহত হন। বেপরোয়া গতিতে ছুটে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয় লাবণ্যকে বহন করা মোটরসাইকেলটিকে। উবার চালকের গতিও ছিল বেপরোয়া। পাশাপাশি দুই চালকের নিয়ম না মেনে একে অপরকে ওভারটেকিং করাতেও ঘটছে দুর্ঘটনা।