দুই ট্রেন একই লাইনে, অল্পের জন্য রক্ষা যাত্রীদের


দুই ট্রেন একই লাইনে, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

একই লাইনে ঢুঁকে পড়েছে দুটি ট্রেন। চালকের দক্ষতার কারণে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। এই ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়।

জানা যায় আজ রাত ১১ টার দিকে ময়মনসিংহ থেকে ভৈরবের উদ্দেশে ছেড়ে আসা লোকাল ট্রেনটি (২৪৪ ডাউন) আগের স্টেশন গচিহাটায় দশ মিনিট থেমে ছিল। গচিহাটা থেকে ছেড়ে আসার পর হোম সিগন্যালে প্রবেশের আগে লোকাল ট্রেনটি থেমে যায়। পাঁচ মিনিট পর দুই নম্বর লাইনে প্রবেশের সিগন্যাল পায়। সিগন্যাল পাওয়ার পর ট্রেনটি ২ নম্বর লাইনে ঢুঁকে এরই ত্রিশ সেকেন্ডের ব্যবধানে একই লাইনে ঢুকে পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তনগর এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেনটি। এগারসিন্ধুর ট্রেনটিও আউটার সিগন্যালে কয়েক মিনিটের জন্য থেমে ছিল।

মানিকখালী রেলস্টেশন সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, একই লাইনে আরেকটি ট্রেন প্রবেশ করা দেখে লোকাল ট্রেনের যাত্রীরা চিৎকার শুরু করে। অনেকে জানালা দিয়ে লাফিয়ে নিচে নামে। ছাদের যাত্রীরাও লাফিয়ে নিচে পড়ে। এতে কয়েকজন যাত্রী আহত হয়। এগারসিন্ধুর ট্রেনের চালক বিষয়টি বুঝতে পেরে লোকাল ট্রেনটির ১০০ গজ দূরে থামিয়ে ফেলতে সক্ষম হয়। এতে করে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীরা।