দেশে চলমান করোনা সংক্রমণের কারণে এবার শীঘ্রই নতুন করে আরও দুই হাজার ডাক্তার এবং ছয় হাজার নার্স নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (২৭ এপ্রিল) প্রধানমন্ত্রী বগুড়া জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে মত বিনিময়কালে এ তথ্য জানান। তিনি রাজশাহী বিভাগের ৮টি জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে মত বিনিময়ের অংশ নেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, নতুন করে নিয়োগকৃত ‘এই চিকিৎসক ও নার্সদের করোনা চিকিৎসার জন্য তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। সেইসাথে করোনা চিকিৎসার জন্য প্রত্যেক জেলায় আইসিইউর ব্যবস্থা করা হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা স্বাস্থ্যসেবার দিকে বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। আমরা প্রত্যেক জেলাতেই যেখানে ভালো হাসপাতাল, সেখানে আইসিইউ’র ব্যবস্থা করবো। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। পর্যায়ক্রমে সব জেলাতেই এটা করে দেবো।’
নার্স নিয়োগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘করোনার চিকিৎসা করতে আমরা প্রায় ২ হাজার ডাক্তার নতুন নিয়োগ দেবো। ইতোমধ্যে বিসিএস পরীক্ষা দিয়ে যারা রয়ে গেছেন (উত্তীর্ণ কিন্তু সুপারিশপ্রাপ্ত নয়) তাদের থেকে আমরা নিচ্ছি।
ছয় হাজার নার্সও আমরা নিয়োগ দেবো। প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আমি নিজেই মিটিং করে এটা সব ঠিকঠাক করে দিয়েছি। এদেরকে করোনার বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। বিদেশ থেকে লোক এনেও আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করাবো। যাতে মানুষের কোন অসুবিধা না হয় ।

