সম্প্রতি এক মাস আগে দেশের ৫২ টি পণ্যের মান নিয়ে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিলো সরকারি মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই ।
এর মধ্য থেকে ২টি পণ্যের উপর আরোপকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সংস্থাটি। এ বিষয়ে, বিএসটিআইয়ের উপ-পরিচালক রিয়াজুল হক জানান, ৫২টি ব্র্যান্ডের মধ্যে ৯টির লাইসেন্স বাতিল এবং বাকি ৪৭টির স্থগিত রাখা হয়েছিল। যাদের মান নিয়ে প্রশ্ন উঠেছিল তারা ইতোমধ্যেই নিজেদের সংশোধনের প্রচেষ্টা শুরু করেছে। এই পরীক্ষায় এসিআই ব্র্যান্ডের লবণ ও নিউজিল্যান্ড ডেইরির ডুডল নুডুলস উত্তীর্ণ হয়েছে।
এছাড়াও, বিএসটিআই জানায় মে মাসের শুরুতে এক সংবাদ সম্মেলনে , মার্চ ও এপ্রিলে ইফতার ও সেহরির জন্য ব্যবহৃত ২৭ ধরনের খাদ্যপণ্যের ৪০৬টি নমুনা গোপন তৎপরতার মাধ্যমে বাজার থেকে সংগ্রহ করে বিএসটিআই ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। যাদের ৪০৬টি নমুনার মধ্যে ৩১৩টির ফল পাওয়া গেছে।এগুলোর মধ্যে ৫২টি ব্র্যান্ডের ১৮টি নিম্নমানের রয়েছে।
এরপর ওই ৫২টি ব্র্যান্ডের পণ্য বাজার থেকে প্রত্যাহারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নির্দেশ দেয় আদালত। এরই ধারাবাহিকতায় ৫২টি ব্র্যান্ডকে সেসময় কারণ দর্শানোর নোটিস দেয় বিএসটিআই। উত্তর না আসায় ৯টি ব্র্যান্ডের লাইসেন্স বাতিল করা হয়। বাকি ৪৭টি ব্র্যান্ডের লাইসেন্স স্থগিত করা হয়।
রিয়াজুল হক জানান, নিষেধাজ্ঞায় থাকা পণ্যগুলোর যেসব সমস্যা চিহ্নিত করা হয়েছে উক্ত কোম্পানিগুলো তা সংশোধনের প্রচেষ্টা চালাচ্ছেন বলে আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন। এ সময় তিনি নিষেধাজ্ঞা প্রত্যাহারের ২টি পণ্যের বিষয়ে বলেন, নিউজিল্যান্ড ডেইরির ডুডল নুডলসের মধ্যে ১১ শতাংশ আর্দ্রতা ছিল। যদিও বাংলাদেশের নিয়ম অনুযায়ী সেটা ১০ শতাংশের নিচে থাকার কথা। ইতোমধ্যে তারা তাদের মান ঠিক করেছে।
তিনি আরও জানান, যারা সংশোধন করতে পেরেছে তাদের পণ্য পরীক্ষা করে বাজারজাতকরণের অনুমোদন দেওয়া হচ্ছে।

