১৮৮১ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নিরীক্ষাধর্মী গীতিনাট্য ‘বাল্মীকিপ্রতিভা’য় এবার অভিনয় করেছেন সানিডেইল-এর শিক্ষার্থীবৃন্দ। নাটকটি প্রচার হবে দুরন্ত টিভিতে। মহাকবি বাল্মীকি প্রথম জীবনে দস্যুসর্দার ছিলেন। বনের মধ্যে নিষ্ঠাসহকারে নরবলি প্রদান করে দেবী কালীর পূজা করতেন। একদিন তাঁর অনুচরেরা নরবলির জন্য এক বালিকাকে ধরে আনল। পূজা সমাপ্ত করে সেই বালিকাকে বলি দিতে যাবেন, এমন সময় বালিকার করুণ গান শুনে বিহ্বল হয়ে পড়লেন বাল্মীকি। অনুচরবর্গকে বালিকার বাঁধন খুলে মুক্তি দিতে আদেশ করলেন। তারপর শূন্যমনে বনপথে ঘুরতে লাগলেন। পরে বাল্মীকির অনুপস্থিতিতে তার অনুচরেরা নিজেরাই পূজার আয়োজন করে বালিকাকে বলি দিতে উদ্যত হয়, ক্রুদ্ধ বাল্মীকি তখন পূজাস্থলে এসে নিজ হাতে বালিকাকে মুক্ত করেন। এরপর বাল্মীকি তার অনুচরবর্গকে নিয়ে মৃগয়ায় গেলেন। মৃগয়ার ঘটনা পরিক্রমায় বাল্মীকির মুখ দিয়ে সংস্কৃত শ্লোক উচ্চারিত হয়। আর শ্লোক উচ্চারণ করেই শিহরিত হলেন বাল্মীকি। তখন তার সম্মুখে আবির্ভূত হন দেবী সরস্বতী। পাল্টে গেল ইতিহাস, দস্যুপতি আবির্ভূত হলেন ভারতবর্ষের আদিকবি রূপে। এমন ঘটনার আবর্তেই এগিয়েছে নাটকটির গল্প। সানিডেইল পরিবেশিত বাল্মীকিপ্রতিভা গীতিনাট্য পরিচালনা করেছেন স্বাতী সরকার, নৃত্য পরিচালনায় এ্যগনেস র্যাচেল প্যারিস, নাট্য নির্দেশনায় মিতুল রহমান। এতে অভিনয় করেছে জাররীন জারা, ওয়ারিদ সাহার খান, প্রত্যুষা নাথ, যুনাইরা হোসেন, তাফান্নুম হক নানজিবা, চৌধুরী জাহ্রা মাইরীন, নাজীফা নাওয়ার মামুনসহ আরও অনেকে। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল রাত ১০টায় এই গীতিনাট্যটি প্রচার হবে।
