দুর্নীতি প্রমাণ না করতে পারলে কান ধরে ওঠবোস করতে হবে; মোদীকে মমতা


paperslife

ভারতের নির্বাচনের ষষ্ঠ দফা ভোটের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মমতা বন্দোপধ্যায়ের পাল্টাপাল্টি দোষারোপে সরগরম পশ্চিমবঙ্গের রাজনীতি। প্রচারে এসে মোদী দাবি করেছিলেন, তৃণমূলের নেতারা সব ‘কয়লা মাফিয়া’।

এর বিপরীতে মমতাও তার জবাব দিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন। তিনি দাবি করেছেন, এক জনকেও প্রমাণ করতে পারলে ৪২ জন প্রার্থীকেই তিনি তুলে নেবেন।

বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মেজিয়া, বড়জোড়া এলাকায় রয়েছে কয়লা খনি। বাঁকুড়ায় প্রচারে এসেই তৃণমূলকে কাঠগড়ায় তুলে খাদানে তোলাবাজির অভিযোগ এনেছেন মোদী। শুরুতে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে বাংলায় শুরু করেছিলেন, কোল মাফিয়া নিয়ে আক্রমণের সময়ও ফিরেছেন ভাঙা ভাঙা বাংলায়।

মোদী বলেন, ‘‘এই ইলাকার খাদানে তৃণমূলের মাফিয়ারাজ কেমন চলছে, আপনারা ভালই জানেন। এখানে কয়লা খাদান থেকে টিএমসি নেতারা টাকা বানাচ্ছে আর কয়লা খাদানের শ্রমিক তাঁর মজুরির টাকা পাচ্ছে না।’’

এই দাবির জবাব দিতে বেশি সময় নেননি মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিছু ক্ষণ পরই বাঁকুড়া শহরে ছিল তৃণমূল নেত্রীর সভা। বিজেপির বিরুদ্ধে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একাধিক ইস্যুতে মোদীকে আক্রমণ করেন। কিছু ক্ষণ পরেই মোদীর ‘কয়লা মাফিয়া’ মন্তব্যের আঁচ নেভাতে পাল্টা তোপ শুরু করেন মমতা। প্রথমেই চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূল নেত্রী বলেন, উনি (মোদী) বলেছেন, আমাদের প্রার্থীরা নাকি কোল মাফিয়া। এই কথাটা বলেছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমাদের প্রার্থীরা যারা লড়ছে, ৪২টা কেন্দ্রে ৪২ জন, একটাকে প্রমাণ করতে হবে, কোল মাফিয়া। আমি ৪২টা কেন্দ্রের প্রার্থীদের তুলে নেব আমি। আর তুমি যদি না পার তা হলে কান ধরে ওঠবোস করতে হবে ১০০ বার।’’

এর পর কয়লা খাদানে তোলাবাজির পাল্টা অভিযোগ বিজেপির বিরুদ্ধেই ফিরিয়ে দেন মমতা। প্রশ্নোত্তর পর্বের মতো করে তিনি বলেন, ‘‘কয়লা কার অধীনে? কেন্দ্রের। কে পাহারা দেয়? সেন্ট্রাল ফোর্স, সিআইএসফ। দালালি করে কারা? বিজেপির লোকেরা। আর তৃণমূল কংগ্রেস কোল মাফিয়া হয়ে গেল? … তোমাকে এর জবাব দিতে হবে।’’