করোনা সংক্রমণের কারণে ভারতজুড়ে গত ২৫ মার্চ থেকে চলছে ‘লকডাউন’ এমতাবস্থায় জরুরি পণ্য ছাড়া কিছুই মিলছে না।
সেইসাথে মদের দোকান ও বন্ধ। আর সেই মদ না পেয়ে বিষন্ন হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন অনেকে। এবার এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে থাকলো দেশটির চেন্নাই শহর।
নেশার দ্রব্য না পেয়ে কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন বছর ছেচল্লিশের এক ব্যক্তি। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের মানাভালাম এলাকায়।
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি শ্রমিকের কাজ করেন। সোমবার রাতে স্ত্রীও দুই ছেলের সাথে তর্ক করার একপর্যায়ে আচমকা ঝাঁপ দেন গভীর এক কুয়ায়। তবে, সাঁতার ঠিকই জানতেন ওই ব্যক্তি তাই তিনি ডুবে যাননি।
এসময় কুয়োর মধ্যে থেকে বলতে থাকেন, তাকে আগে যদি মদ দেয়া হয় তবেই তিনি কুয়ো থেকে উঠবেন। নইলে সেখানেই আত্মহত্যা করবেন। এর পর স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ও উদ্ধারকারীরা এসে তাকে কুয়ো থেকে তোলার চেষ্টা করেন। কিন্তু তখনও তিনি বলে যাচ্ছেন ‘মদ চাই’। পরে অনেক বুঝিয়ে তাকে উদ্ধার করা হয়।

