বাংলাদেশে করোনায় আক্রান্ত আরও দুই প্রবাসীকে শনাক্ত করা হয়েছে।
এই দুইজন ইতালি ও জার্মানি থেকে আসা রোগী বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। নতুন এই দুজন নিয়ে এ পর্যন্ত বাংলাদেশে পাঁচজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো। এর মধ্যে আগের তিনজন সুস্থ হয়ে উঠেছেন।
শনিবার রাত ৯টায় ইস্কাটনে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এক জরুরি ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। এসময় তিনি বলেন, “আক্রান্ত দুজন আগেই বিদেশ থেকে এসেছেন। এদের মধ্যে একজন হোম কোয়ারেনটাইনে এবং একজন আইসোলেশনে ছিলেন। স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) দুজনের দেহে করোনা উপস্থিতি চিহ্নিত করে। পরে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “ইতালি থেকে আসা ১৪২ জনসহ আশকোনার হজক্যাম্পে ১৮৪ জন কোয়ারেনটাইনে আছেন। এদের মধ্যে ইতালি ফেরতদের কাল সকালে সরকারের নিজস্ব ব্যবস্থায় বাড়ি পৌঁছে দেওয়া হবে। বাড়ি পৌঁছে দেওয়ার পর এদের সবাই ১৪ দিন বাধ্যতামূলক হোম কোয়ারেনটাইনে থাকবে।”

