দেশে চলমান করোনা প্রকোপে আক্রান্তদের চিকিৎসা দিতে এবার যুক্ত হচ্ছে আরও তিনটি বেসরকারি হাসপাতাল।
এর আগে সরকার করোনা মোকাবেলায় রোগীদের চিকিৎসার অংশ হিসেবে ১০ টি হাসপাতাল নির্ধারণ করেছিল। যাদের মধ্যে রয়েছে তিনটি বেসরকারি হাসপাতাল ও। সেইসাথে ঢাকা মেডিকেলেও দেয়া হচ্ছে করোনায় আক্রান্তদের চিকিৎসা।
এবার করোনা আক্রান্তদের চিকিৎসার অংশ হিসেবে যুক্ত হওয়া তিনটি বেসরকারি হাসপাতাল হচ্ছে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল,হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও ইমপালস হাসপাতাল। এই তিনটি হাসপাতালে রোগীদের জন্য ৮৫০ টি বেড প্রস্তুত করা হয়েছে।
গত ২৫ এপ্রিল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক চিঠিতে জানানো হয়, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালকে শুধু কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য চিকিৎসা ব্যয়ও সরকার বহন করবে।
এ বিষয়ে হলি ফ্যামিলি হাসপাতালের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মুর্শেদ বলেন, করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য ৪০০ শয্যা প্রস্তুত করা হয়েছে। হাসপাতালে ১০টি আইসিইউ রয়েছে। হাই ডিপেন্ডেন্সি ইউনিটের (এইচডিইউ) ছয়টি শয্যাও ভেন্টিলেশনে ব্যবহার করা যাবে। আগামী সপ্তাহে হাসপাতালে করোনা রোগী ভর্তি শুরু হবে।
আগামী সপ্তাহে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালেও করোনা রোগীদের চিকিৎসা কার্যক্রম শুরু হবে। এ জন্য ২০০ শয্যা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সাথে ১০টি আইসিইউ শয্যা থাকবে।
এছাড়াও, পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত বেসরকারি ইমপালস হাসপাতাল ভাড়া নিয়েছে সরকার। এই হাসপাতালের শয্যাসংখ্যা ২৫০।
খুব শীঘ্রই ইমপালস হাসপাতালে পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া শুরু হবে।

