দেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় ১৮২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৩ জন। সেইসাথে মারা গেছেন আরও ৫ জন। সবমিলিয়ে মৃত্যু সংখ্যা ৩৯ জন। এছাড়াও সুস্থ হয়েছেন ৩ জন। মোট সুস্থের সংখ্যা ৪২ জন।
সোমবার (১৩ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এর আগে গতকাল রোববার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর একদিনে ১৩৯ জন করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছিল। গতকাল পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ছিলো ৩৪।
বাংলাদেশে ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ধাপে ধাপে বাড়তে থাকে শনাক্ত রোগী। গেল ৯ এপ্রিল ২৪ ঘণ্টায় দেশে শতাধিক করোনা সংক্রমিত রোগী শনাক্তের কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এরপর থেকে শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও বাড়ে মৃত্যুর সংখ্যা।
এদিকে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ বাংলাদেশিসহ একদিনে দেড় হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। এ নিয়ে দেশটিতে করোনায় ১৩১ জন বাংলাদেশিসহ মৃতের সংখ্যা বেড়ে ২২ হাজার ১০৫ জনে দাঁড়ালো। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬০ হাজারের বেশি মানুষ।
বিশ্বে সাড়ে ১৮ লাখেরও বেশি করোনা রোগী শনাক্তের খবর পাওয়া গেছে। মারা গেছেন ১ লাখ ১৪ হাজারের বেশি।
এছাড়া স্পেনে করোনায় একদিনে ৬০৩ জন মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার। এদের মধ্যে ১২৭ জন বাংলাদেশি।

