দ্বিতীয় ধাপে লকডাউন শিথিল হচ্ছে নিউজিল্যান্ডে


New Zealand

প্রথম ধাপের লকডাউন সফল হওয়ায়, শিথিলের দ্বিতীয় ধাপের পথে হাঁটছে নিউজিল্যান্ড।

আগামী শুক্রবার থেকে নিউজিল্যান্ডবাসীরা একসঙ্গে ১০০ জন পর্যন্ত সমবেত হতে পারবেন। ওইদিন থেকে সেখানে সবধরনের ধর্মীয় কার্যক্রম পুরোদমে চলবে এবং এতে সংখ্যাগত কোনও নিষেধাজ্ঞা থাকবে না।

সোমবার ঈদের দিনেই এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। লকডাউন শিথিলের পর প্রতি দুই সপ্তাহ অন্তর এর প্রভাব বিবেচনা করা হবে এবং এর কারণে নিউজিল্যান্ডে মহামারির দ্বিতীয় ঢেউ শুরু হয় কি না সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হবে বলেও জানান জাসিন্ডা।

তিনি বলেন, ‘আমরা এখন আরও বেশি আত্মবিশ্বাসী হতে পারি যে, তৃতীয় স্তরে (সতর্কতা) স্থানান্তরিত হওয়ার তিন সপ্তাহেরও বেশি সময় পর সেই তুলনায় নতুন সংক্রমণ হয়নি। ফলে আমরা বিধিনিষেধ শিথিল করেছি এবং আরও এগিয়ে যাচ্ছি।’

এ ঘোষণার পর নিউজিল্যান্ড এখন বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি লকডাউন শিথিলকারী দেশগুলোর একটি হয়ে উঠেছে বলেও জানান দেশটির প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসাবে, নিউজিল্যান্ডে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫০৪ জন। এদের মধ্যে ১ হাজার ৪৫৬ জনই সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন মোট ২১ জন। গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে নতুন সংক্রমণ নেই বললেই চলে।