দ্বিতীয় প্রান্তিকে ফের কমেছে স্বর্ণের দাম



বছরের দ্বিতীয় প্রান্তিকে স্বর্ণের দাম ৫ দশমিক ৫ শতাংশ কমেছে। মূলত মুদ্রাবাজারে ডলারের অবস্থান শক্তিশালী হওয়ায় পণ্যটির দামে এ পতন দেখা গেছে।
গত শুক্রবার আগস্টে সরবরাহের চুক্তিতে স্বর্ণ লেনদেন হয়েছে আউন্সপ্রতি ১ হাজার ২৫৪ দশমিক ৫০ ডলারে। এদিন পণ্যটির দাম দশমিক ৩ শতাংশ বেড়েছিল। এর আগে টানা চারদিন পণ্যটির দাম কমেছিল।
গত বৃহস্পতিবার পণ্যটি আউন্সপ্রতি ১ হাজার ২৫১ ডলারে লেনদেন হয়েছিল, যা গত ১৩ ডিসেম্বরের পর থেকে সর্বনিম্ন দামের রেকর্ড। সব মিলিয়ে গত সপ্তাহে পণ্যটির দাম কমেছে ১ দশমিক ৩ শতাংশ। মাসিক হিসাবে গত জুনে স্বর্ণের দাম ৩ দশমিক ৮ শতাংশ কমেছে।
চলতি বছরে এ পর্যন্ত পণ্যটির দাম ৪ শতাংশের বেশি কমেছে। এ সময়ে আইসিইতে ডলার সূচক বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ। মাসিক হিসাবে গত জুনে এ সূচক দশমিক ৭ শতাংশ বেড়েছে। সর্বশেষ গত শুক্রবার এ সূচক দশমিক ৮ শতাংশ বেড়েছে।