ধাতুর বাজারে চাঙ্গাভাব



আবার চাঙ্গা হতে শুরু করেছে শিল্প ধাতুর বাজার। গতকাল এসব পণ্যের দাম বেড়েছে।
চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের জের ধরে চাহিদা কমার আশঙ্কায় গত বুধবার তামার দাম এক বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে যায়। তবে গতকাল পণ্যটির দাম আবার ঊর্ধ্বমুখী হয়ে ওঠে।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাস মেয়াদি তামার দাম বেড়েছে দশমিক ৮ শতাংশ। এদিন পণ্যটি টনপ্রতি ৬ হাজার ১৯৪ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়। আগের অধিবেশনে পণ্যটির দাম ৬ হাজার ৮০১ ডলারে নেমে গিয়েছিল, যা গত বছরের ২৫ জুলাইয়ের পর থেকে সর্বনিম্ন দামের রেকর্ড।
সাংহাই ফিউচার এক্সচেঞ্জে তামার দাম বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ। এ বাজারে প্রতি টন তামা ৪৯ হাজার ইউয়ানে (৭ হাজার ৩৪১ দশমিক ১৫ ডলার) লেনদেন হয়। আগের দিন এ বাজারে পণ্যটির দাম ৪৮ হাজার ৩৯০ ইউয়ানে নেমে যায়, যা এক বছরের মধ্যে সর্বনিম্ন।
গতকাল ব্যবহারিক ধাতুর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে নিকেলের। এদিন লন্ডনে পণ্যটির দাম ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ১৪ হাজার ৪১০ ডলারে লেনদেন হয়, যা এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। সাংহাইয়ের নিকেলের দাম বেড়েছে ৩ দশমিক ৬ শতাংশ।
লন্ডনে গতকাল টনপ্রতি অ্যালুমিনিয়াম ২ হাজার ৬২ ডলার, দস্তা ২ হাজার ৫৪৮ ও টিন ১৯ হাজার ৪৩৫ ডলারে লেনদেন হয়েছে। সাংহাইয়ে পণ্যগুলো টনপ্রতি যথাক্রমে ২১ হাজার ১২০ ইউয়ান, ১৯ হাজার ৭০ ইউয়ান ও ১ লাখ ৪৪ হাজার ৯০ ইউয়ানে লেনদেন হয়।
এদিকে তামার দাম নিয়ে আবারো শঙ্কা প্রকাশ করেছে শীর্ষ উৎপাদক চিলি। গত বুধবার দেশটির অর্থনীতি বিষয়ক মন্ত্রী জোসে র্যামন ভ্যালেন্তে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক দেশের বাণিজ্য বিরোধের কারণে বৈশ্বিক অর্থনীতি চাপের মুখে পড়তে পারে। এ কারণে তামার দাম কমে যেতে পারে। তিনি বলেন, তামার দাম কমছে। কারণ ভবিষ্যতে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি বর্তমানের চেয়ে কম হতে পারে। এ কারণে তামার ব্যবহারও কমে যেতে পারে।