নতুন গান, আছে সাকিব, আছে ঢাকা!



‘চ্যাম্পিয়ন’ গানটা জনপ্রিয়তা পেয়েছিল বেশ। সেই গানটি পুরোনো হয়েছে, তাই নতুন কিছু নিয়ে আবির্ভাব হয়েছেন ডিজে ব্রাভো। ‘এশিয়া’ গান নিয়ে আবারো সংগীত জগৎ মাতাতে আসছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার।

কিছুদিন আগে ইউটিউবে বের হয়েছে নতুন গান—এশিয়া। ২০১৬ সালে ‘চ্যাম্পিয়ন’ গান দিয়ে আলোড়ন তোলা ডিজে ব্রাভো নতুন গান দিয়েও কাঁপিয়ে দিচ্ছেন ১০ দিনে গানটা দেখা হয়ে গেছে প্রায় ৩০ লাখ বার।

এই গানে বন্ধু সাকিবকে রেখেছেন ব্রাভো। ঢাকা আছে টাকা আছে। আছে এশিয়া ও তার নতুন অভিজ্ঞতা। স্বভাবসুলভ রসিকতার সুরে তুলে ধরেছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ক্রিকেটকে। গানের শুরুতেই এশীয়দের বলে নিচ্ছেন, ‘এ গানটা আপনাদের জন্য।’

এশীয় ভ্রমণে বেরিয়ে তিনি শুরুতে গেলেন শ্রীলঙ্কায়। সেখানে তাঁর সঙ্গে দেখা দুই লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা আর মাহেলা জয়াবর্ধনের সঙ্গে। সেখান থেকে চলে এলেন ভারতে। গানে গানে জানিয়ে দিলেন বিরাট কোহলি-মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা করার কথা।

এরপর লক্ষ্য বাংলাদেশ। বাংলাদেশে আসলেন পকেট ভর্তি টাকা নিয়ে, সাকিবের সাথে দেখা করলেন ঢাকায়। ঢাকা পর্ব শেষে পাকিস্তানের শহীদ আফ্রিদি কিংবা আফগানিস্তানের রশিদ খানের সাথে একটু গল্পগুজব। এভাবেই এশিয়া ফুটিয়ে তুলেছেন গানে।

বলিউডে শাহরুখ খান, সালমান খান, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়ার প্রসঙ্গ আনলেন গানে। বললেন দুই ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কারের কথাও। দিল্লি, কলম্বো, ঢাকা, লাহোর, কাবুল—এশিয়ার বড় বড় শহরগুলোর কথাও এল ব্রাভোর গানে।

ক্যারিবীয় মানেই বিনোদনের ফুলঝুড়ি। ক্রিকেটের বিনোদন দিতেই যেন তাদের আবির্ভাব। এই আনন্দ, ফুর্তিতে ডিজে ব্রাভো বাড়তি পালক যুক্ত করলেন এশিয়া নামে। হয়ত কখনো কখনো উইকেট তুলে নিয়ে এশিয়া গানেও ক্রিজে নাচবেন আবার।