হুয়াওয়ের নতুন চমক ‘পি৩০’ ও ‘পি৩০ প্রো’ যা সম্প্রতি উন্মোচন করা হয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে সানওয়ে পিরামিড কনভেনশন সেন্টারে এক জমকালো অনুষ্ঠানে।
সানওয়ে পিরামিড সেন্টারে উপস্থিত দেড় হাজার আমন্ত্রিত অতিথির সঙ্গে হুয়াওয়ে মালয়েশিয়ার কান্ট্রি ডিরেক্টর ‘পি৩০’ সিরিজের পরিচয় করান। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে এই ‘পি৩০’ সিরিজ।
এই সিরিজের ক্যামেরায় সংযোজন করা হয়েছে হুয়াওয়ের নিজস্ব সুপার স্পেকট্রাম সেন্সর। এতে করে আলোক সংবেদনশীলতা অবিশ্বাস্য রকম বেড়েছে।
উদ্ভাবনী প্রযুক্তির কারণে পি৩০ সিরিজের ডিভাইসের ক্যামেরায় দুর্দান্ত ছবি ও ভিডিওগ্রাফির জন্য মিলবে জুমিং সুবিধা।
ডিভাইসের পেরিস্কোপ ডিজাইন এবং সুপার জুম লেন্সের কল্যাণে পাঁচ গুণ অপটিক্যাল জুম, দশ গুণ হাইব্রিড জুম, আর ৫০ গুণ ডিজিটাল জুম পাওয়া যাবে।
পি৩০ সিরিজের ডিভাইসগুলো এন্ড্রোয়েডের সর্বশেষ সংস্করণ এন্ড্রোয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমচালিত এবং ইউজার ইন্টারফেস হুয়াওয়ের সর্বশেষ হালনাগাদ সংস্করণ ইএমইউআই ৯ দশমিক ১। ডিভাইসগুলো ডুয়েল সিম ও ডুয়েল ফোর জি সমর্থন করে।
ডিউট্রপ নচ ডিসপ্লে প্রায় বেজেলহীন। রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
‘পি৩০ প্রো’ তে রয়েছে একস্টিক ডিসপ্লে টেকনোলজি। ডিভাইসটিতে রয়েছে ইন-স্ক্রিন স্পিকার।
ডিভাইসগুলোতে হুয়াওয়ের নিজস্ব ও বিশ্বের প্রথম ৭ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এআই সমর্থিত কিরিন ৯৮০ অক্টা-কোর প্রসেসর। প্রসেসরে সংযোজন করা হয়েছে নিউরাল প্রসেসিং ইউনিট (এলপিইউ)। যার কারণে দ্রুত ছবি শনাক্তকরণসহ মেশিন লার্নিং সংশ্লিষ্ট কাজগুলো আরো ভালোভাবে করতে পারবে।
ওয়্যারলেস চার্জিং সুবিধা শুধু প্রোতেই রাখা হয়েছে। ডিভাইসগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে যুক্ত করা হয়েছে গ্রাফিন ফিল্ম কুলিং সিস্টেম।
পি৩০ প্রোতে রয়েছে চারটি ক্যামেরা। হুয়াওয়ের সুপার স্পেকট্রাম সেন্সরবিশিষ্ট ৪০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাটির লেন্স প্রোপারটি এফ/১.৬ (২৭ মিলিমিটার)। ২০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেকেন্ডারি ক্যামেরার লেন্স প্রোপারটি এফ/২.২ (২২ মিলিমিটার) এবং ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরার লেন্স প্রোপারটি এফ/৩.৪ (১২৫ মিলিমিটার), সঙ্গে রয়েছে নতুন টিওএফ প্রযুক্তি। এ ক্যামেরায় ৫ এক্স অপটিক্যাল জুম থেকে ১০ এক্স হাইব্রিড এবং ৫০ এক্স পর্যন্ত ডিজিটাল জুম করা যাবে।
সেলফির জন্য দুটি ফোনেই রয়েছে ২৩ মেগাপিক্সেলের এফ/২.০ লেন্সবিশিষ্ট ক্যামেরা। নিখুঁত সেলফি তুলতে রয়েছে এআইবিশিষ্ট এইচডিআর প্লাস প্রযুক্তি। ডুয়াল ভিউ ভিডিও মুডের কারণে একসঙ্গে ওয়াইড অ্যাঙ্গেল এবং ক্লোজআপ ভিউ ভিডিও করা যাবে।
বাংলাদেশে হুয়াওয়ের পি৩০ সিরিজের তিনটি ডিভাইসের প্রি-অর্ডার নেয়া শুরু হয়েছে ৩ এপ্রিল। ডিভাইসগুলোর জন্য ১০ এপ্রিল পর্যন্ত প্রি-অর্ডার দেয়া যাবে। দেশের প্রি-অর্ডারকারী প্রত্যেক গ্রাহক প্রতিটি স্মার্টফোনের সঙ্গে আকর্ষণীয় উপহার পাবেন।
বাংলাদেশে পি৩০ প্রোর দাম ৮৯ হাজার ৯৯৯ টাকা। এছাড়া পি৩০ ও পি৩০ লাইট স্মার্টফোন দুটির দাম যথাক্রমে ৬৪ হাজার ৯৯৯ ও ২৯ হাজার ৯৯৯ টাকা।
এছাড়া ‘পি৩০ প্রো’ এর প্রি-অর্ডারকারী উপহার হিসেবে স্মার্টঘড়ি জিটি পাবেন তার সাথে থাকবে গ্রামীণফোনের ডাটা অফার।

