নতুন রূপে নিজেকে গড়ছেন আমির


নতুন রূপে নিজেকে গড়ছেন আমির

চরিত্রের প্রয়োজনে নিজেকে নতুন ভাবে গড়তে এতটুকু সময়ক্ষেপণ করেন না বলিউড অভিনেতা আমির খান।  টম হ্যাঙ্কস অভিনীত হলিউডের আলোচিত ও ব্যবসাসফল চলচ্চিত্র ফরেস্ট গাম্প-এর রিমেক লাল সিং চড্ডায় নিজেকে নতুন ভাবে তুলে ধরতে শরীরের ওজন ২০ কেজি কমিয়ে ফেলার কাজ শুরু করেছেন তিনি।

এই ছবিতে আমির খান নিজেকে তরুণ বয়সের লাল সিং চড্ডার বেশে দর্শকদের সামনে তুলে ধরতে পারবেন বলে জানিয়েছেন।

প্রস্তুতি হিসেবে কিছুদিন আগে থেকেই তিনি নিরামিষ খাবার গ্রহণ শুরু করেছেন। সম্প্রতি একটি গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গজনিখ্যাত এ অভিনেতা এমন কথা প্রকাশ করেন। তিনি বলেন, ‘যেহেতু এই ছবিতে তরুণের ভুমিকায় অভিনয় করবো সেই জন্য আমাকে ২০ কেজি ওজন শরীর থেকে ঝেড়ে ফেলতে হবে।’ তিনি আরও জানান, ডক্টর নিখিল ধুরন্ধরের তত্ত্বাবধায়নে গত দুই সপ্তাহের মধ্যে প্রায় সাড়ে তিন কেজি ওজন কমিয়ে ফেলেছেন।

নিজের ৫৪তম জন্মদিন উপলক্ষে আমির ঘোষণা দেন, তার নতুন কাজ হবে ফরেস্ট গাম্প ছবির হিন্দি ভাষায় রিমেকের।

আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠান ভায়াকমের সঙ্গে যৌথ প্রযোজনায় প্যারামাউন্ট পিকচার্সের কাছ থেকে ফরেস্ট গাম্পের রিমেক স্বত্ব গ্রহণ করেছে। আগামী অক্টোবর থেকে ছবিটির শুটিং শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।

ফরেস্ট গাম্পের রিমেক প্রসঙ্গে আমির জানান যে, রঙ দে বাসন্তী ছবির শুটিং চলাকালে অতুল কুলকার্নি ফরেস্ট গাম্পের রিমেক প্রসঙ্গে প্রথমবারের মতো তাকে পরামর্শ দিয়েছিলেন। অতুল স্ক্রিপ্টটি নিয়ে পুনরায় কাজ করতে তাকে প্রস্তাব দেন। প্রায় আড়াই বছর পর ছবিটির স্ক্রিপ্টটি পড়ে আমিরের ভালো লেগে যায় এবং  এরপর থেকে সে ছবিটির স্বত্ব নেয়ার চেষ্টা করেন বলে জানা গেছে।