নভেম্বরে জ্বালানি তেলের রফতানি বাড়াবে সৌদি আরব




আসন্ন নভেম্বর থেকে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি প্রাক্কলনের তুলনায় আরো কমিয়ে আনছে পণ্যটির শীর্ষ রফতানিকারক দেশ সৌদি আরব। মূলত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কাঙ্ক্ষিত মাত্রায় তুলতে পণ্যটির রফতানিকারকদের জোট অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজভুক্ত (ওপেক) দেশগুলোর উত্তোলন হ্রাসসংক্রান্ত চুক্তির শর্ত বাস্তবায়নে প্রাক্কলনের তুলনায় রফতানি কমানোর এ উদ্যোগ নিয়েছে সৌদি আরব।
তবে বর্তমানের তুলনায় নভেম্বরে পণ্যটির রফতানি বাড়ছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী নভেম্বরে দেশটি থেকে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বর্তমানের তুলনায় দৈনিক ৫ লাখ ৬০ হাজার ব্যারেল কমবে। ফলে এ সময় পণ্যটির রফতানির পরিমাণ দৈনিক ৭১ লাখ ৫০ হাজার ব্যারেলে নেমে আসবে। এর আগে নভেম্বরে দেশটি থেকে দৈনিক ৭৭ লাখ ১১ হাজার ব্যারেল জ্বালানি তেল রফতানির প্রাক্কলন করেছিল সৌদি জ্বালানি মন্ত্রণালয়। তবে চলতি মাসে দেশটি থেকে দৈনিক ৬৭ লাখ ব্যারেল জ্বালানি তেল রফতানি করা হবে। আর আগস্টে দেশটি থেকে দৈনিক ৬৬ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি হয়েছে। সেই হিসাবে নভেম্বরে সৌদি আরব থেকে পণ্যটির রফতানি বর্তমানের তুলনায় ৪ লাখ ৫০ হাজার ব্যারেল বাড়বে। বিবৃতিতে বলা হয়, গ্রীষ্ম মৌসুমে দেশটির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোয় জ্বালানি তেলের চাহিদা বেড়ে গিয়েছিল। এ চাপ সামাল দিতে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি অনেকাংশে কমিয়ে দেয়া হয়। এখন আবহাওয়া পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বিদ্যুৎ উৎপাদনে পণ্যটির চাহিদাও কমে আসছে। মূলত এ কারণে নভেম্বরে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বর্তমানের তুলনায় বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। তবে এ সময় পণ্যটির রফতানি আগের প্রাক্কলনের তুলনায় কমে আসবে।