দেশে করোনাভাইরাস সংক্রমণে পুনর্বিন্যাস করা হয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান। সে বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবহিত করে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সোমবার (৯ মার্চ) এই চিঠি পাঠানো হয়েছে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, সব প্রস্তুতি নেওয়া ছিল আমাদের। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে অনুষ্ঠানটি এখন ভিন্ন ভাবে করা হবে। এই বিষয়টি বিস্তারিত জানিয়ে আমরা ভারতকে জানিয়ে দিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের প্রধানমন্ত্রীকে এ বিষয়ে অবহিত করে সোমবার চিঠি পাঠিয়েছেন।
এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রভিশ কুমার বলেছেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়ায় বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার বিষয়ে আমাদের আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ।’ নতুন তারিখ পরে জানানো হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের কথা ছিল মোদির। তবে বাংলাদেশে করোনাভাইরাসে কয়েকজন আক্রান্ত হওয়ায় এই অনুষ্ঠান পুনর্বিন্যাস করা হয়েছে। এরই অংশ হিসেবে প্যারেড স্কয়ারের অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টি এরই মধ্যে নয়াদিল্লিকে জানিয়েছে ঢাকা।

