আগামী ৫-৬ এপ্রিল আমেরিকার নিউইয়র্ক শহরে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হচ্ছে সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব।
সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএস-এর উদ্যোগে আগামী ৫ই এপ্রিল সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় শুরু হবে এর মূল উৎসব। এবং চলবে ৬ এপ্রিল পর্যন্ত। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এই উৎসবের উদ্বোধন করবেন।
এছাড়াও, উদ্বোধন পর্বে বাংলা চলচ্চিত্রের সোনালি অতীত নিয়ে আলোচনা করবেন বিশিষ্টজনেরা। এই উৎসবের একজন সমন্বয়কারী জানান, প্রথম দিন উত্তম-সুচিত্রা অভিনীত একটি ও দ্বিতীয় দিন দুইটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
উল্লেখ্য যে, সুচিত্রা সেন ১৯৩১ সালের ৬ এপ্রিল বাংলাদেশের পাবনায় জন্ম গ্রহণ করেন । দেশভাগের পর সপরিবারে তাঁরা ভারত চলে যান। এই মহানায়িকার শৈশব ও কৈশোর কেটেছে পাবনার জনপদে।
এই চলচ্চিত্র উৎসব প্রসঙ্গে উৎসব কমিটির আহ্বায়ক গোপাল সান্যাল বলেন, ‘সুচিত্রা সেন বাঙালির হৃদয় জুড়ে রয়েছেন। কোটি কোটি ভক্তের তাঁকে নিয়ে আগ্রহের শেষ নেই।’

