নিকারাগুয়ায় সরকারবিরোধী বিক্ষোভ ও সহিসংতায় নিহত ২৬৪



সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর চালানো সহিংসতায় মধ্য অ্যামেরিকার দেশ নিকারাগুয়ায় চার মাসে নিহত মানুষের সংখ্যা বেড়ে ২৬৪ জনে পৌঁছেছে।
গতকাল বুধবার মানবাধিকারবিষয়ক ইন্টার-আমেরিকান কমিশন এ কথা জানিয়েছে।
এ বিষয়ে কমিশনের প্রধান পাওলো আবরাও সাংবাদিকদের বলেন, আইএসিএইচআরের হিসাব বলছে, প্রতিবাদকারীদের ওপর সরকারের দমনপীড়নে ২৬৪ জন নিহত ও ১ হাজার ৮০০ জন আহত হয়েছে।
আইএসিএইচআর সংশ্লিষ্ট অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের বৈঠকে আবরাও পরিস্থিতি নিয়ে কথা বলেন। বিক্ষোভকারীরা নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার অপসারণ চায়।
উল্লেখ্য, অস্থিতিশীলতা নিরসনে প্রভাবশালী রোমান ক্যাথলিক চার্চ ওর্তেগার সরকার ও বিরোধী দলের মধ্যে মধ্যস্থতা করছে। তবে চলমান সহিংসতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
বিক্ষোভ ও হরতাল করে ওর্তেগা সরকারের ওপর চাপ দিতে চাইছে সরকারবিরোধীরা। মানবাধিকার গোষ্ঠী গতকাল অভিযোগ করেছে, বেসামরিক নাগরিকদের ওপর নিকারাগুয়ার সেনাবাহিনী সামরিক অস্ত্র চালাচ্ছে।